প্রতিরক্ষামন্ত্রক

২০২৫ সালের মধ্যে প্রতিরক্ষা শিল্প ২,৬০০ কোটি মার্কিন ডলারে পৌঁছনোর লক্ষ্যে সরকারের প্রতিশ্রুতি প্রতিরক্ষা মন্ত্রী পুনর্ব্যক্ত করেন

প্রকাশিত: 18 NOV 2019 8:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০১৯

 

 

‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় ২০২৫ সালের মধ্যে ভারতে প্রতিরক্ষা শিল্পের পরিমাণ ২,৬০০ কোটি মার্কিন ডলারে পৌঁছনোর লক্ষ্যে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং পুনর্ব্যক্ত করেন। থাইল্যান্ডের ব্যাংককে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত ‘ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি একজিবিশন, ২০১৯’-এ ‘ইন্ডিয়া রাইজিং’ শীর্ষক বাণিজ্যিক সেমিনারে তিনি ভাষণ দিচ্ছিলেন। প্রতিরক্ষা ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা কমাতে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যার ফলে, ভারত প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং তা রপ্তানির কেন্দ্র হয়ে উঠতে পারে।

‘ড্রাফ্‌ট ডিফেন্স প্রোডাকশন পলিসি, ২০১৮’-র আওতায় সরকার ২০২৫ সালের মধ্যে বিদেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানির পরিমাণ ৫০০ কোটি মার্কিন ডলারের সমতুল করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। শ্রী সিং বলেন, একদিকে এটি খুবই উচ্চাকাঙ্খী পরিকল্পনা কিন্তু, একইসঙ্গে বলতে হয় গত দু’বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানির পরিমাণ ছ’গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের মধ্যে বিমান চলাচল ও প্রতিরক্ষা সামগ্রীর বিনিয়োগের ক্ষেত্রে ১ হাজার কোটি মার্কিন ডলারের সম্ভাবনা রয়েছে যার ফলে, ২০ থেকে ৩০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রতিরক্ষা মন্ত্রী এই প্রসঙ্গে তাঁর মন্ত্রকের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন যার ফলে, রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে। এর মধ্যে রয়েছে – রপ্তানির পদ্ধতি, রপ্তানি শিল্পের সঙ্গে যুক্ত লাইসেন্সের প্রক্রিয়ার সরলীকরণ, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি ও বেসরকারি ক্ষেত্রকে সরকারি স্তরে পরীক্ষানিরীক্ষার সুযোগ করে দেওয়া। প্রতিরক্ষা সরঞ্জামের দেশীয় পদ্ধতিতে নকশা ও তার উন্নয়নের লক্ষ্যে ‘বাই ইন্ডিয়ান – আইডিডিএম’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে দেশের প্রতিরক্ষা শিল্পকে উৎসাহ দিতে দেশীয় প্রযুক্তিতে নকশা, উন্নয়ন ও তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

শ্রী রাজনাথ সিং বলেন, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে দুটি প্রতিরক্ষা করিডর গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। কোয়েম্বাতুরে প্রতিরক্ষা উদ্ভাবন কেন্দ্র ইতিমধ্যেই কাজ শুরু করেছে। একটি প্রতিরক্ষা পরিকল্পনা কমিটি গঠন করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার প্রস্তাবিত বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের পাশে একটি প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন করিডর গড়ে তোলার পরিকল্পনা করেছে যার ফলে, প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে ভারত স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।

বিগত পাঁচ বছরে সরকার নানা সুদূরপ্রসারী সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর ফলে, গত দেড় বছরে সরকারি-বেসরকারি ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রেকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে সরকার ২৫০টি নতুন উদ্যোগ, ১৬টি প্রশিক্ষণ কেন্দ্র ও পাঁচটি প্রতিরক্ষা উদ্ভাবনী কেন্দ্র আগামী পাঁচ বছরে প্রতিরক্ষা উদ্ভাবন সংস্থার (ডিআইও) মাধ্যমে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। সেনাবাহিনীর বিভিন্ন চাহিদা মেটাতে কমপক্ষে ৫০টি প্রযুক্তিগত নকশা তৈরি করা সম্ভব হবে বলে প্রতিরক্ষা মন্ত্রী আশা প্রকাশ করেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) যে সমস্ত প্রযুক্তির উদ্ভাবন করেছে তা প্রযুক্তি হস্তান্তর নীতির (টিওটি) মাধ্যমে সহজে বিভিন্ন সংস্থাকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৯০০-র বেশি টিওটি লাইসেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২০-র ৫-৮ ফেব্রুয়ারি লক্ষ্ণৌ-এর ডেফেক্সপো-তে অংশগ্রহণের জন্য প্রতিরক্ষা মন্ত্রী দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

 

 

SSS/CB/DM


(রিলিজ আইডি: 1592090) ভিজিটরের কাউন্টার : 106
এই রিলিজটি পড়তে পারেন: English