জাহাজচলাচলমন্ত্রক

ভারত-বাংলাদেশ প্রটোকল রুটের মাধ্যমে হলদিয়া থেকে পান্ডু পর্যন্ত পণ্যবাহী জাহাজ চলাচলের সূচনা

প্রকাশিত: 04 NOV 2019 5:57PM by PIB Kolkata

কলকাতা, ০৪ নভেম্বর, ২০১৯

 

 

 

     দেশের উত্তর-পূর্বাঞ্চলে জলপথে পণ্য পরিবহনের ওপর বিশেষ জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এরই অঙ্গ হিসেবে আজ ভারত-বাংলাদেশ প্রটোকল রুটের মাধ্যমে হলদিয়া থেকে গুয়াহাটির পান্ডু পর্যন্ত পণ্যবাহী জাহাজ চলাচলের সূচনা হল। কলকাতার তারাতলায় কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রকের অধীন ডিরেক্টরেট অফ লাইট হাউস অ্যান্ড লাইট শিপসের কার্যালয় দ্বীপ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর সূচনা করেন জাহাজ চলাচল মন্ত্রকের সচিব শ্রী গোপাল কৃষ্ণ।

 

     এই যাত্রাপথের সূচনার ফলে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচলের নতুন দিক খুলে গেল। গঙ্গার ওপর নির্মিত এক নম্বর জাতীয় জলপথ থেকে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত দ্বিতীয় জলপথের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল করবে। ‘এমভি মহেশ্বরী’ পণ্যবাহী জাহাজের মাধ্যমে এই জলপথে ১২ থেকে ১৫ দিনের মধ্যে হলদিয়া বন্দর থেকে অসমের গুয়াহাটির পান্ডু পর্যন্ত পণ্য সামগ্রী পৌঁছে যাবে।

 

     কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রকের সচিব শ্রী গোপাল কৃষ্ণ বলেন, পরিবেশ দূষণ, দূর্ঘটনা, সড়ক যানজট এড়িয়ে, কম খরচে খুব সহজেই জলপথে পণ্য পরিবহন করা সম্ভব। এজন্য কেন্দ্রীয় সরকার জলপথে পণ্য পরিবহনের ওপর বিশেষ জোর দিচ্ছে। গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে দেশের অভ্যন্তরে জলপথে পণ্য পরিবহন ৩১ শতাংশ বেড়েছে বলেও তিনি জানান। একইসঙ্গে ভারত-বাংলাদেশ প্রটোকল রুটের মাধ্যমে পণ্য পরিবহন বেড়েছে। জলমার্গ বিকাশ প্রকল্পের আওতায় আগামী ২০২৩ সালের মধ্যে হলদিয়া থেকে গাজিপুর পর্যন্ত এক নম্বর জাতীয় জলপথে নাব্যতা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী দিনে দেশে বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে অভ্যন্তরীন জলপথে পণ্য পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, সমুদ্রতট তীরবর্তী লাইট হাউসগুলিকে পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলতেও উদ্যোগ নেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে আধুনিকীকরণেও।

 

 

 

CG/SS/NS


(রিলিজ আইডি: 1590319) ভিজিটরের কাউন্টার : 100
এই রিলিজটি পড়তে পারেন: English