স্বরাষ্ট্র মন্ত্রক

পুলিশ স্মারক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পৌরহিত্য করলেন শ্রী অমিত শাহ্‌ পুলিশ বাহিনীর ইতিহাস গর্ব ও শৌর্যের পরম্পরা : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত: 21 OCT 2019 6:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০১৯

 

 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ্‌ আজ নতুন দিল্লিতে জাতীয় পুলিশ স্মারকে শহীদ পুলিশ কর্মীদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে পুলিশ স্মারক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পৌরহিত্য করেন।

 

কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ) - এর নিঃস্বার্থ আত্মবলিদান এবং অদম্য সাহসের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে পুলিশ স্মরণ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ১৯৫৯ সালে আজকের দিনেই সিআরপিএফ জওয়ানরা তুষারাবৃত, প্রত্যন্ত ও প্রতিকূল লাদাখে শৌর্য ও আত্মবলিদানের এক নিদর্শন রেখেছিলেন। সিআরপিএফ এবং ইন্টেলিজেন্স ব্যুরোর ২০ জন কর্মীর একটি টহলদারী দল তুষারাবৃত লাদাখের প্রত্যন্ত অঞ্চলে যখন হদিশ না পাওয়া সহ-জওয়ান দলের খোঁজে যায়, তখন চিনা সেনাবাহিনী তাঁদের অতর্কিতে আক্রমণ করে। চিনা সেনাবাহিনীর আক্রমণ এবং কৌশলগত দিক থেকে সুবিধাজনক পরিস্থিতিতে না থাকা সত্ত্বেও সিআরপিএফ এবং ইন্টেলিজেন্স ব্যুরো’র ২০ জনের ঐ দলটি অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ও সংখ্যাধিক্য চিনা বাহিনীকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেন। মরণপণ এই লড়াইয়ে সিআরপিএফ – এর ১০ জন কর্মী দেশের সেবায় জীবন উৎসর্গ করেন। এই ঘটনার স্মরণেই ১৯৫৯ সাল থেকে প্রতি বছর ২১শে অক্টোবর দিনটি জাতীয় পুলিশ দিবস হিসাবে উদযাপন করা হয়।

 

২

 

এই উপলক্ষে শ্রী শাহ্‌ লাদাখে সিআরপিএফ জওয়ানদের ঐ লড়াইয়ের কথা উল্লেখ করে তাঁদের সাহসিকতা স্মরণ করেন। সমস্ত পুলিশ কর্মীর সেবার প্রতি স্বীকৃতি জানিয়ে তিনি গর্ব ও সহসিকতার পরম্পরার নিদর্শন-স্বরূপ পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। পুলিশ কর্মীদের প্রশংসা করে বলেন, এরা দেশের সুরক্ষায় নীরবে কাজ করে চলেছেন। সীমান্ত অঞ্চলে পাহারা দেওয়া থেকে যান চলাচল নিয়ন্ত্রণ, মাদক ভীতি নিয়ন্ত্রণে লড়াই থেকে শুরু করে জঙ্গি আক্রমণ মোকাবিলা প্রায় সর্বত্রই পুলিশ কর্মীরা দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রী শাহ্‌ আরও বলেন, উন্নয়নের সুফল তখনই শেষতম মানুষটির কাছে পৌঁছবে, যখন আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় থাকবে। এক্ষেত্রে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

শহীদ পুলিশ কর্মীদের কথা স্মরণ করে শ্রী শাহ্‌ বলেন, কর্তব্য পালন করতে গিয়ে ৩৮ হাজার ৮৪৪ জন পুলিশ কর্মী জীবন দিয়েছেন। তিনি আরও জানান, শহীদ পুলিশ কর্মীদের এই তালিকায় আজ আরও ২৯২ জনের নাম অন্তর্ভুক্ত হ’ল। পুলিশ কর্মীরা যে কঠিন পরিস্থিতিতে কাজ করে থাকেন, সেই প্রসঙ্গ উত্থাপন করে শ্রী শাহ্‌ বলেন, দেশে প্রায় সর্বত্রই পর্যাপ্ত পুলিশের সংখ্যা কম। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, প্রতি ১ লক্ষ মানুষের ক্ষেত্রে যেখানে ২২২ জন পুলিশ কর্মীর প্রয়োজন, সেখানে এই সংখ্যা বর্তমানে ১৪৪। পুলিশ কর্মীর সংখ্যা পর্যাপ্ত না হওয়ার দরুণ, অধিকাংশ কর্মীকেই নির্দিষ্ট সময় সীমার বেশি কাজ করতে হয়। এমনকি, সাপ্তাহিক ছুটিগুলি থেকেও তাঁরা বঞ্চিত। পুলিশ বাহিনীর কাজকর্মের ক্ষেত্রে বিভিন্ন জটিলতার বিষয়গুলিকে স্বীকার করে নিয়ে শ্রী শাহ্‌ বলেন, মোদী সরকার পুলিশ কর্মীদের বাড়ি থেকে কর্মক্ষেত্র এবং স্বাস্থ্য থেকে শিক্ষা - সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। তিনি সমস্ত পুলিশ কর্মীর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।

 

 

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1588644) ভিজিটরের কাউন্টার : 114
এই রিলিজটি পড়তে পারেন: English