স্বরাষ্ট্র মন্ত্রক
শ্রী অমিত শাহ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন দিল্লি-কাটরা ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের যাত্রা সূচনা করলেন
प्रविष्टि तिथि:
03 OCT 2019 5:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ অক্টোবর, ২০১৯
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে নতুন দিল্লি-কাটরা ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের যাত্রা সূচনা করেন। নতুন দিল্লি-বারাণসী সেমি-হাইস্পিড ট্রেনের পর এটি দ্বিতীয় ‘বন্দে ভারত’ এক্সপ্রেস। উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ফেব্রুয়ারি মাসে দিল্লি-বারাণসী প্রথম ‘বন্দে ভারত’ ট্রেনটির যাত্রার সূচনা করেছিলেন। এই দ্বিতীয় ‘বন্দে ভারত’ ট্রেনটির সমস্ত কামরা দেশীয় প্রযুক্তিতে চেন্নাই রেল কোচ কারখানায় তৈরি করা হয়েছে।
এবারের নবরাত্রি উৎসবে দেশবাসীকে এ ধরনের একটি ট্রেন উপহার দেওয়ার জন্য শ্রী শাহ রেল মন্ত্রকের প্রশংসা করেন। তিনি বলেন, জম্ম-কাশ্মীরের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রত্যেক ভারতবাসীই চেয়ে থাকেন জীবৎকালে অন্তত একবার বৈষ্ণোদেবী মন্দির দর্শন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যেদিন থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন সেদিন থেকেই দেশের গুরুত্বপূর্ণ ধর্মস্থানগুলিকে উচ্চগতি সম্পন্ন, সুরক্ষিত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় রেল পরিষেবার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়েছেন। পূণ্যার্থীরা যাতে তাঁদের পছন্দসই ধর্মস্থানগুলিতে ভ্রমণে যেতে পারেন, তার জন্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। ‘বন্দে ভারত’ এক্সপ্রেস সেই লক্ষ্যেই একটি বড় পদক্ষেপ।
শ্রী শাহ আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিকে ৫ লক্ষ কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা নিয়েছেন তাতে রেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘বন্দে ভারত’ এক্সপ্রেসকে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির এক উজ্জ্বলতম নিদর্শন বলে বর্ণনা করে শ্রী শাহ বলেন, দেশের আর্থিক অগ্রগতির বিকাশে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেন পরিষেবার উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শ্রী মোদীর সুযোগ্য নেতৃত্বে যে গতিতে রেলের উন্নয়ন ও আধুনিকীকরণ হচ্ছে, ‘বন্দে ভারত’ তার একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত। বাপু’র স্বাধীনতা সংগ্রামে সাফল্যের ক্ষেত্রে রেল যে ভূমিকা পালন করেছে, প্রধানমন্ত্রীর ৫ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যেও রেল একই ভূমিকা পালন করবে বলে স্বরাষ্ট্র মন্ত্রী আশা প্রকাশ করেন।
মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে শ্রী শাহ বলেন, বড় সমস্যাগুলির সহজতম সমাধান সহজেই কিভাবে করা যায় তার পন্থা বাপু সমস্ত পৃথিবীকে দেখিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামের সময় তাঁর অন্যতম একটি পন্থাই ছিল স্বদেশী। ভারতের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে যোগসূত্র স্থাপনে গান্ধীজির স্বাধীনতা সংগ্রামে রেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শ্রী শাহ সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বন্দে ভারত’ এক্সপ্রেসও সম্পূর্ণ ‘স্বদেশী’। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ট্রেনে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ট্রেন বাপু’র আদর্শগুলির প্রতি শ্রী মোদীর পক্ষ থেকে এক যথাযথ শ্রদ্ধা। গান্ধীজির সার্ধশত জন্মবার্ষিকী উদযাপনের সময় স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন জায়গায় গান্ধীজির ভ্রমণে রেল যে ভূমিকা নিয়েছিল তা জনসমক্ষে তুলে ধরার জন্য শ্রী শাহ রেল মন্ত্রীকে অনুরোধ জানান।
সংবিধানের ৩৭০ নং ধারা বিলোপ প্রসঙ্গে শ্রী শাহ বলেন, এই ধারাটি জম্মু-কাশ্মীরের উন্নয়ন তথা অখণ্ড ভারতের প্রকৃত অঙ্গ হয়ে ওঠার ক্ষেত্রেও বড় বাধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তিনি আশা প্রকাশ করেন যে এই ধারা বিলোপের ফলে জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসের ভীতি চিরতরে দূর হবে। “আমি বিশ্বাস করি আগামী ১০ বছরে কাশ্মীর উন্নয়নের মাপকাঠিতে এক অগ্রণী রাজ্য হয়ে উঠবে। ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের যাত্রা সূচনার মধ্য দিয়েই উন্নয়নেরও সূচনা হল। প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে জম্মু ও কাশ্মীরের মানুষকে এটি একটি বড় উপহার। এর ফলে, রাজ্যে উন্নয়ন আসবে এবং ধর্মীয় পর্যটনের বিকাশ ঘটবে” – বলেও শ্রী শাহ অভিমত প্রকাশ করেন।
‘মেক ইন ইন্ডিয়া’র সঙ্গে সঙ্গতি বজায় রেখে রেল ব্যবস্থাও যেভাবে পরিবর্তন নিয়ে আসছে তাতে স্বরাষ্ট্র মন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের অর্থনীতির বিকাশে রেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
CG/AP/DM
(रिलीज़ आईडी: 1587094)
आगंतुक पटल : 89
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English