রাষ্ট্রপতিরসচিবালয়

ভারতের রাষ্ট্রপতি ইন্ডিয়া টুডে সাফাইগিরি সম্মেলনের পৌরোহিত্য করলেন এবং সবচেয়ে কার্যকর স্বচ্ছতা দূত পুরস্কার দিলেন সচিন তেন্ডুলকরকে

প্রকাশিত: 03 OCT 2019 3:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ অক্টোবর, ২০১৯

 

 

 

ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে নতুন দিল্লিতে ইন্ডিয়া টুডে সাফাইগিরি শিখর সম্মেলনে পৌরোহিত্য করেন এবং ভাষণ দেন। ‘সবচেয়ে কার্যকর স্বচ্ছতা দূত’ পুরস্কার তুলে দেন শ্রী সচিন তেন্ডুলকরের হাতে।

 

এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, গত পাঁচ বছরে দেশে স্বচ্ছতা অভিযান জন-আন্দোলনের চেহারা নিয়েছে। প্রধানমন্ত্রী থেকে গ্রাম প্রধান – প্রত্যেকে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে স্বচ্ছতা অভিযানে অংশ নিয়েছেন একে সফল করে তুলতে। তিনি বলেন, এই ঐতিহাসিক সাফল্য প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ ব্যতীত পূর্ণ হত না।

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা ভারত প্রকাশ্য শৌচমুক্ত দেশ হিসেবে ঘোষিত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে এটাই প্রকৃত অর্ঘ্য। তিনি বলেন, যদিও রাষ্ট্রসঙ্ঘ নির্ভরযোগ্য উন্নয়নের লক্ষ্য ২০৩০-এর মধ্যে পূর্ণ করার কথা বলেছে, ভারত তার ১১ বছর আগেই লক্ষ্যমাত্রা পূরণ করবে। এই সাফল্যের জন্য দেশের প্রতিটি নাগরিকেরই অভিনন্দন প্রাপ্য।

 

রাষ্ট্রপতি বিশেষ করে বলেন যে স্বচ্ছতা একটি চলমান প্রক্রিয়া যা প্রতি মুহূর্তের কাজ। আমাদের সাফল্যে সন্তুষ্ট থাকলেই চলবে না। তিনি সারা দেশে গ্রাম, ব্লক, জেলাস্তরে স্বচ্ছতার ক্ষেত্রে একটি প্রতিযোগিতামূলক মডেল তৈরির আবেদন জানান যাতে স্বচ্ছতা অভিযান আরও উন্নততর হয়। তিনি বলেন, পাঁচ বছরের সাফল্যের ভিত্তিতে আমাদের ওডিএফ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য উদ্যোগ নিতে হবে নতুন প্রযুক্তি ব্যবহার করে।

 

রাষ্ট্রপতি বলেন, প্রগতিশীল দেশ গড়তে আমাদের সমগ্র সামাজিক জীবনের সঙ্গে স্বচ্ছতাকে অবিচ্ছেদ্য অঙ্গ করে নিতে হবে। আমাদের এমন একটি ভাবনা গড়ে তুলতে হবে যাতে প্রতিটি মানুষ তাঁর বাড়ি, রাস্তা, গ্রাম, শহর বা নগরকে সবচেয়ে পরিষ্কার এবং সুন্দর করে তুলতে সচেষ্ট হবেন।

 

 

CG/AP/DM


(রিলিজ আইডি: 1587064) ভিজিটরের কাউন্টার : 113
এই রিলিজটি পড়তে পারেন: English