অর্থমন্ত্রক
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শীর্ষ কর্তাদের সঙ্গে ব্যাঙ্কগুলির কাজকর্ম পর্যালোচনায় অর্থমন্ত্রী
প্রকাশিত:
20 SEP 2019 9:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর, ২০১৯
কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শীর্ষকর্তাদের সঙ্গে ব্যাঙ্কের কাজকর্ম পর্যালোচনা করেছেন। অর্থ ব্যবস্থাকে সুদৃঢ় করতে আর্থিক বিকাশে সহায়তার জন্য সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনার পর গত ২৩শে আগস্ট থেকে যে সমস্ত পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে, তার রূপায়ণের বিষয়টি অর্থমন্ত্রী বৈঠকে পর্যালোচনা করেছেন।
ব্যাঙ্কের কাজকর্ম নিয়ে আলোচনার সময় আর্থিক চাহিদা অনুযায়ী ঋণ সহায়তা, সমস্যাদীর্ণ ক্ষেত্রগুলিতে স্বল্প সুদে ঋণ সহায়তা যোগানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে জোর দেওয়া হয়। আগস্টের শেষে ব্যাঙ্ক ক্ষেত্রে সার্বিক ঋণদান বৃদ্ধি পেয়ে হয়েছে ১০.১ শতাংশ। প্রধান ক্ষেত্রগুলিতে ব্যাঙ্ক ঋণ সহায়তা অব্যাহত রয়েছে। ২০১৮ – ১৯ – এ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে ১১ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে। আবাসন ক্ষেত্রে ব্যাঙ্কগুলির গৃহ ঋণের পরিমাণ ২০১৮ – ১৯ – এ ২ লক্ষ ১৯ হাজার কোটি টাকায় পৌঁছেছে। গত ২৩শে আগস্টে যে সমস্ত ঘোষণা করা হয়েছিল, তার প্রেক্ষিতে ব্যাঙ্কগুলি যৌথভাবে ঋণদান বাড়াতে ইতিমধ্যেই ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে ১৪টি সমঝোতা স্বাক্ষর করেছে। এ ধরনে আরও ৩৬টি সমঝোতা স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। যৌথভাবে ঋণদানের ফলে ঋণ গ্রহীতারা আরও সহজেই ঋণ সহায়তা পাবেন। পক্ষান্তরে, ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলিও লাভবান হবে। রিজার্ভ ব্যাঙ্কের পলিসির হার কমানোর প্রেক্ষিতে ঋণদানের হার পর্যালোচনার সময় জানানো হয় ব্যাঙ্কগুলিও গত আগস্ট মাস পর্যন্ত ২৭ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়েছে। চলতি মাসে ১৮টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে আরও ১০টি ব্যাঙ্ক অতিরিক্ত ১৫ থেকে ৫ বেসিস পয়েন্ট পর্যন্ত হার কমানোর নীতি কার্যকর করেছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির প্রধানরা বৈঠকে অর্থমন্ত্রীকে আশ্বাস দিয়ে জানান যে, ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ প্রক্রিয়ার দরুণ ঋণদান সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনও রকম প্রভাব পড়বে না।
CG/BD/SB
(রিলিজ আইডি: 1585714)
ভিজিটরের কাউন্টার : 114