প্রতিরক্ষামন্ত্রক

মহাকাশে মনুষ্য অভিযান সফল করার লক্ষ্যে উপযুক্ত মানব-কেন্দ্রিক প্রযুক্তি ব্যবস্থা গড়ে তোলার জন্য মউ স্বাক্ষর

প্রকাশিত: 18 SEP 2019 7:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

 

 

 

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো মহাকাশ যানের সাহায্যে মানুষের মহাশূণ্যে যাত্রার ক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে মানব-কেন্দ্রিক প্রযুক্তি ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এ ধরনের অভিযানের উপযোগী প্রযুক্তি ও বিভিন্ন ব্যবস্থা গড়ে তোলার জন্য ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারের নির্দেশক ডঃ এস উন্নিকৃষ্ণন নায়ার ডিআরডিও-র একাধিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতাপত্রে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরদান অনুষ্ঠানে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন দপ্তরের সচিব তথা ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ জি সতীশ রেড্ডি সহ জৈব-বিজ্ঞান বিভাগের বিজ্ঞানী ও মহানির্দেশক ডঃ এ কে সিং উপস্থিত ছিলেন।

 

ডিআরডিও-র যে সংস্থাগুলির সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে রয়েছে – এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট, ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরি, ডিফেন্স বায়ো-ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রো-মেডিকেল ল্যাবরেটরি, সেন্টার ফর ফায়ার, এক্সপ্লোসিভ অ্যান্ড এনভায়রনমেন্ট সেফটি, ডিফেন্স ইনস্টিটিউট অফ সাইকোলজি অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস এবং ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস।

 

সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে ডঃ রেড্ডি বলেন, ডিআরডিও-র বিভিন্ন গবেষণাগারের কাছে যে প্রযুক্তিগত উৎকর্ষতা রয়েছে তা মহাকাশে মনুষ্য অভিযানের প্রয়োজনীয়তা মেটাতে উপযোগী হবে। ডিআরডিও-র পক্ষ থেকে যে সমস্ত জরুরি প্রযুক্তি ইসরোকে দেওয়া হবে তার মধ্যে রয়েছে – স্পেস ফুড বা মহাকাশে নভঃশ্চরদের খাবার সংক্রান্ত প্রযুক্তি, নভঃশ্চরদের স্বাস্থ্যে নজরদারি এবং অত্যাবশ্যকীয় জীবনদায়ী সামগ্রী, বিকিরণ বিশ্লেষণ ও তা থেকে সুরক্ষা, ভূ-পৃষ্ঠে ফিরে আসার সময় নিরাপদে অবতরণের উপযোগী প্যারাস্যুট ও অন্যান্য প্রযুক্তি। ডিআরডিও-র জৈব-বিজ্ঞান বিভাগের মহানির্দেশক ডঃ এ কে সিং বলেন, ইসরোকে সমস্ত সহায়তা প্রদানে তাঁর সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ। এই অভিযানে প্রয়োজনীয় প্রযুক্তির ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ শুরু হয়েছে। ২০২২-এ ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপনের পূর্বেই ইসরো এই বিশেষ ক্ষমতা প্রদর্শনের লক্ষ্য রেখেছে।

 

 

SSS/BD/DM


(রিলিজ আইডি: 1585496) ভিজিটরের কাউন্টার : 125
এই রিলিজটি পড়তে পারেন: English