মহাকাশদপ্তর

কোটি কোটি ভারতবাসীর পক্ষ থেকে বিক্রম সারাভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডারের অবতরণ : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

প্রকাশিত: 13 AUG 2019 3:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ অগাস্ট, ২০১৯

 

 

 

    ভারতের মহাকাশ গবেষণা সংস্হা ইসরো-র প্রতিষ্ঠাতা ডঃ বিক্রম সারাভাইয়ের জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হল আমেদাবাদে। গতকাল (১২ই আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ইসরো-র আধিকারিক, মহাকাশ গবেষণা দপ্তর, আণবিক শক্তি দপ্তর এবং সারাভাই পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তার মাধ্যমে এই অুষ্ঠানে বক্তব্য রাখেন।

 

    ভিডিও বার্তায় শ্রী নরেন্দ্র মোদী বলেন, কোটি কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রকতৃ অর্থে তখনই সারাভাই-এর প্রতি শ্রদ্ধা জানানো হবে, যখন চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডার অবতরণ করবে। তিনি বলেন, বিক্রম সারাভাইয়ের আদর্শ, ভারতকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে। শ্রী মোদী বলেন, ডঃ হোমিভাবার প্রয়াণের পর, সারা বিশ্বে ভারতীয় বিজ্ঞানের ক্ষেত্রে একটা শূন্যস্হান তৈরি হয়েছিল। সেইসময়, বিক্রম সারাভাই তাঁর দক্ষতা এবং নেতৃত্বের মাধ্যমে বিজ্ঞানকে এক নুতন মাত্রা দিয়েছিলেন।

 

    ডঃ বিক্রম সারাভাইকে বিজ্ঞানের একজন উৎসর্গীকৃত সৈনিক হিসেবে উল্লেখ করে শ্রী মোদী বলেন, তিনি বিজ্ঞান ছাড়াও ভারতীয় সংস্কৃতি এবং সংস্কৃত ভাষার বিকাশেও উৎসাহ দিতেন। ছাত্রছাত্রীদের জন্য সবসময় সময় দিতেন তিনি। শ্রী মোদী বলেন ডঃ বিক্রম সারাভাই আমাদের জন্য উত্তরাধিকার সূত্রে যে সম্পদ রেখে গেছেন, তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। ইসরো মহাকাশের ওপর যে অনলাইন কুইজ প্রতিযোগিতার সূচনা করেছে তাতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের জন্য উৎসাহ দেন প্রধানমন্ত্রী।

 

    অনুষ্ঠানে ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিভান ডঃ বিক্রম সারাভাইকে একজন মহান প্রতিষ্ঠান নির্মাতা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আধুনিক বিজ্ঞান, পদার্থবিদ্যায় গবেষণা এবং আণবিক শক্তিক্ষেত্রে প্রতিষ্ঠান নির্মাতা হিসেবে আধুনিক ভারত গঠনে বিক্রম সারাভাইয়ের অবদান অবিস্মরণীয়।

 

    উদ্বোধনী অনুষ্ঠানে বিক্রম সারাভাইয়ের জীবনীর ওপর একটি অ্যালবাম, ইসরোর একটি ছোট বই এবং আণবিক শক্তি দপ্তরের একটি স্মারক কয়েন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ‘স্পেশ অন উইল’ শীর্ষক একটি প্রদর্শনী বাসের উদ্বোধন করা হয়।

 

    ডঃ বিক্রম সারাভাইয়ের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে বর্ষব্যাপী প্রদর্শনী, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা, সাংবাদিকতা পুরস্কার প্রদান এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বক্তৃতার মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের ১০০টি শহরে এই ধরণের অনুষ্ঠান আয়োজন করা হবে। গতকাল এই অনুষ্ঠানের সূচনা হয়েছে। ২০২০ সালের ১২ই আগস্ট তিরুবনন্তপুরমে এর সমাপ্তি ঘটবে।

     

 

 

CG/SS/NS


(রিলিজ আইডি: 1581848) ভিজিটরের কাউন্টার : 402
এই রিলিজটি পড়তে পারেন: English