অর্থমন্ত্রক

আয়কর দিবস পালন করল আয়কর দপ্তর

প্রকাশিত: 25 JUL 2019 3:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ জুলাই, ২০১৯

 

 

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আয়করদাতাদের ক্ষোভের দ্রুত প্রশমনের জন্য আয়কর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, কর ভিত্তির প্রসার ঘটাতে বললেন অর্থমন্ত্রী। আয়কর দিবস উপলক্ষে দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে আধিকারিকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, যারা কর ফাঁকি দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এবং যাঁরা সৎ করদাতা তাঁদের জন্য পরিষেবার মান বাড়াতে হবে। কৌটিল্যের অর্থশাস্ত্র উদ্ধৃত করে তিনি মৌমাছি যেমন করে যতটুকু প্রয়োজন ততটুকুই মধু সংগ্রহ করে, তেমন করে দপ্তরকে কর সংগ্রহ করার পরামর্শ দেন। তিনি বলেন, আয়কর দপ্তর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং রাজস্ব গোয়েন্দা অধিকরণ – এই তিনটি দপ্তরকে নিজেদের মধ্যে তথ্য বিনিময় করতে হবে যাতে আয়কর ফাঁকি ধরা সহজ হয় এবং যারা কর ফাঁকি দিচ্ছে তাদের সহজে চিহ্নিত করা যায়। মানুষের মনের পরিবর্তন করার জন্য দপ্তরকে অভিনন্দন জানান তিনি। সাধারণ মানুষের আস্থা অর্জন করে তাঁদের কর প্রদানে আরও উৎসাহী করার লক্ষ্যে কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর, রাজস্ব সচিব সহ রাজস্ব দপ্তরের শীর্ষ আধিকারিকরা এবং সিবিআই, ইডি-র অধিকর্তা, চিফ কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস, সিবিডিটি-র চেয়ারম্যান এবং সদস্যরা, সিবিআইটি এবং শুল্ক বিভাগের আধিকারিকরা। এছাড়াও আয়কর দপ্তরেরও অন্য শীর্ষ স্থানীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 

অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর তাঁর ভাষণে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের নতুন ভারত গড়ার লক্ষ্যে সম্পদের প্রকৃত ব্যবহার করার ওপর গুরুত্ব দেন। তিনি দপ্তরকে বলেন, মানুষকে স্বেচ্ছায় কর দেওয়ার জন্য উৎসাহ দিতে হবে এবং মানুষের ক্ষোভ, বিশেষ করে বর্ষীয়ান নাগরিক ও ভিন্নভাবে সক্ষম নাগরিকদের ক্ষোভ প্রশমনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আয়করদাতাদের সুবিধার দিকে নজর দিয়েই রাজস্ব আদায়ে ওপর গুরুত্ব দেন তিনি। এছাড়া, সামাজিক ক্ষেত্রে আয়কর দপ্তরের উদ্যোগের ওপরও জোর দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী।

 

রাজস্ব সচিব ডঃ অজয় ভূষণ পাণ্ডে খুব কম সময়ে প্রায় ১০০ শতাংশ ই-ফাইলিং ব্যবস্থা করতে পারার জন্য দপ্তরকে অভিনন্দন জানান। এছাড়া তিনি দপ্তরের নতুন উদ্যোগের প্রশংসা করেন। রাজস্ব বৃদ্ধি করতে নাগরিক-বান্ধব পদ্ধতি অবলম্বন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সিবিডিটি-র চেয়ারম্যান শ্রী পি সি মোদী জোর দেন কারিগরি পরিবর্তনের ওপর যাতে কর ফাঁকি ধরতে সুবিধা হয়। তিনি দপ্তরকে স্বচ্ছতার সঙ্গে কাজ করার আর্জি জানান।

 

অনুষ্ঠানে অর্থমন্ত্রী দপ্তরের ইনভেস্টিগেশন অফ অ্যাকাউন্টস নামে একটি বই প্রকাশ করেন। এছাড়া সূচনা করে ই-জার্নাল ‘ট্যাক্সালোগে’র। কর নিয়ে আলোচনা সংক্রান্ত এই সাময়িকপত্রটি সিবিডিটি-র নতুন উদ্যোগ। ত্রৈমাসিক এই পত্রিকায় যে কেউই কর সংক্রান্ত লেখা দিতে পারবেন। শ্রী ঠাকুর এদিন পাবলিসিটি কিট ফর আউটরিচ প্রোগ্রাম্‌স-এর সূচনা করেন। এটিও তৈরি করেছে দপ্তর যাতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিজ্ঞাপনের নানা উপকরণ সহজে পৌঁছে দেওয়া যায় ক্ষেত্রীয় কার্যালয়গুলিতে। এই অনুষ্ঠানেই রাজস্ব সচিবের লেখা ‘ট্রান্সফার প্রাইসিং’ নামে আরও একটি বইয়েরও প্রকাশ হয়। রাষ্ট্র গঠনে দপ্তরের অবদান নির্মিত চলচ্চিত্র ‘আয়করদাতা – বদলতে ভারত কা ভাগিদার’ প্রদর্শিত হয়।

 

 

CG/AP/DM


(রিলিজ আইডি: 1580241) ভিজিটরের কাউন্টার : 214
এই রিলিজটি পড়তে পারেন: English