আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

সুস্থায়ী পরিকাঠামোর বিকাশ এবং পরিবেশ-বান্ধব প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে সিপিডব্লিউডি অগ্রণী প্রতিষ্ঠান হয়ে উঠেছে : হরদীপ সিং পুরী

প্রকাশিত: 12 JUL 2019 7:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ জুলাই, ২০১৯

 

 

দেশের অগ্রগতি ও বিকাশে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ১৮৫৪’র জুলাই মাসে প্রতিষ্ঠার পর থেকে সিপিডব্লিউডি’র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করে নিয়ে কেন্দ্রীয় আবাসন ও শহরাঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী বলেছেন, সুস্থায়ী পরিকাঠামোর বিকাশ এবং পরিবেশ-বান্ধব প্রযুক্তি গ্রহণের দিক থেকে এই প্রতিষ্ঠানটি অগ্রণী হয়ে উঠেছে। একটি গাছও না কেটে ৪৫ দিনের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিতে ‘সদৈভ অটল’ স্মারক নির্মাণ, কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে সরকারি ভবনগুলির ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানো এবং ব্যাঙ্গালোরের স্যর ভিস্বেসভারাইয়া কেন্দ্রীয় ভবনে উদ্যান পালনের জন্য বর্জ্য জল পরিশোধন কেন্দ্র স্থাপনের মতো উদ্যোগগুলি সিপিডব্লিউডি’র কর্মপ্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, “এ ধরণের প্রয়াস পরিবেশ-বান্ধব এবং সুস্থায়ী অগ্রগতিতে সাফল্য অর্জনের ক্ষেত্রে স্বচ্ছ ভারত মিশন ও শহরাঞ্চলের রূপান্তর ঘটিয়ে পুনরুজ্জীবনের লক্ষ্যে পরিচালিত অটল মিশনের কার্যকর রূপায়ণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানটি কেবলমাত্র স্থাপত্য ও স্থায়িত্বের দিক থেকে আন্তর্জাতিক মান বজায় রাখার ক্ষেত্রেই নয়, বরং দেশের প্রতিষ্ঠানগুলির জন্য মানদন্ড রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে”। শ্রী পুরী আজ বিজ্ঞান ভবনে সিপিডব্লিউডি’র ১৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। ‘নতুন ভারতের জন্য অভিনব উন্নয়ন’ এ বছর বর্ষপূর্তি উদযাপনের এই মূল ভাবনা প্রসঙ্গে মন্ত্রী সংস্থার প্রত্যেককে দক্ষতা, গতিশীলতা ও কার্যকরিতার নতুন পন্থা অবলম্বন করে অগ্রগতির ধারার সঙ্গে নিজেদের সাযুজ্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নতুন ভারত গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করতে বিকল্প নির্মাণ প্রযুক্তির আরও বেশি প্রয়োগের ওপর জোর দেন। প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিসওয়াস’ – এই মূল মন্ত্রকে সামনে রেখে ২০২৪ সালের মধ্যে ৫ লক্ষ কোটি মার্কিন ডলার এবং ২০৪৭ সালের মধ্যে এক উন্নত দেশে পরিণত হওয়ার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার বাস্তবায়নে সিপিডব্লিউডি’র গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত থাকবে বলেও তিনি অভিমত প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে আবাসন ও শহরাঞ্চল বিষয়ক সচিব শ্রী দুর্গাশঙ্কর মিশ্র, সিপিডব্লিউডি’র মহানির্দেশক শ্রী প্রভাকর সিং সহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1578624) ভিজিটরের কাউন্টার : 170
এই রিলিজটি পড়তে পারেন: English