নারীওশিশুবিকাশমন্ত্রক
শিশুদের বিরুদ্ধে অপরাধ
প্রকাশিত:
12 JUL 2019 11:06AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ জুলাই, ২০১৯
যৌন হেনস্থা থেকে শিশুদের সুরক্ষা বা পক্সো আইন সংশোধনী বিল, ২০১৯ গত ৮ই জানুয়ারি লোকসভায় পেশ করা হয়। অবশ্য, ষোড়শ লোকসভার মেয়াদ ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিলটিরও কার্যকারিতা লোপ পায়। পক্সো আইনের ৪৩ নম্বর ধারা অনুযায়ী, এই আইনটি ব্যাপক প্রচারের জন্য কেন্দ্রীয় সরকার এবং প্রতিটি রাজ্য সরকার সবরকম ব্যবস্থা গ্রহণ করবে। কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক নির্দিষ্ট সময় অন্তর আইনটির বিভিন্ন ধারা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য বৈদ্যুতিন ও গণমাধ্যমে বিজ্ঞাপনের পাশাপাশি, সংশ্লিষ্ট সব পক্ষকে কর্মশিবির ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি।
জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর এক পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, দেশে শিশুদের বিরুদ্ধে ২০১৪’তে ৮৯ হাজার ৪২৩টি, ২০১৫’তে ৯৪ হাজার ১৭২টি এবং ২০১৬ সালে প্রায় ১ লক্ষ ৭ হাজার অপরাধের ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনগুলিকে নাবালক ন্যায়বিচার (দেখাশোনা ও সুরক্ষা) আইন ২০১৫ এবং পক্সো আইন কার্যকর রূপায়ণের জন্য মন্ত্রকের পক্ষ থেকে গত ২০শে জুন পরামর্শপত্র দেওয়া হয়েছে। এছাড়াও, প্রত্যেক জেলার জেলাশাসক বা জেলা কালেক্টরদের শিশু কল্যাণের বিষয়টি তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনগুলিকে পক্সো আইনের কার্যকর রূপায়ণে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে শিশুদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত আইনগুলি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি শিশুদের সুরক্ষা ও নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
CG/BD/SB
(রিলিজ আইডি: 1578459)
ভিজিটরের কাউন্টার : 622