অর্থমন্ত্রক

২০১৯ – ২০’র বাজেটে চলতি দশকের জন্য ১০ দফা পরিকল্পনা

প্রকাশিত: 06 JUL 2019 6:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ জুলাই, ২০১৯

 

 

চলতি বছরে ভারতীয় অর্থনীতি ৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে উঠবে। ২০২৪-২৫ – এর মধ্যে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে ওঠার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন, তা অর্জনে দেশ সঠিক পথে এগোচ্ছে। সংসদে শুক্রবার বাজেট পেশ করে একথা জানান অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন। তিনি আরও বলেন, ভারতীয় অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে ৫৫ বছর সময় লেগেছিল। বিগত পাঁচ বছরে সরকার ভারতীয় অর্থনীতিতে আরও ১ ট্রিলিয়ন ডলার যুক্ত করেছে। এর ফলে, ভারতীয় অর্থনীতি বর্তমানে প্রায় ২.৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ভারত এখন বিশ্বে ষষ্ঠ বৃহৎ অর্থনীতি, পাঁচ বছর আগে ছিল একাদশতম স্থানে।

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ২০১৪-১৯ সময়কালে কেন্দ্র – রাজ্যগুলির মধ্যে এক অভিনব সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলেছে। গঠন করা হয়েছে জিএসটি পরিষদ। নীতি আয়োগ অর্থনীতির চাকা আরও গতিশীল করতে যথাযথ পরিকল্পনা ও সাহায্য করেছে। বিগত পাঁচ বছরে সরকার বড় মাপের বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে – পরোক্ষ কর, দেউলিয়াবিধি, রিয়েল এস্টেট ক্ষেত্রে সংস্কার সহ সাধারণ মানুষের জীবনযাপনের মানোন্নয়নে একাধিক সামাজিক কর্মসূচি। এই সমস্ত উদ্যোগের ফলে দেশের কোনও এক প্রান্তে থাকা সাধারণ মানুষও সুযোগ-সুবিধার সুফল পাচ্ছেন। সরকারের লক্ষ্যই হ’ল সংস্কারসাধন, কার্যসম্পাদন এবং রূপান্তর ঘটানো।

শ্রীমতী সীতারমন তাঁর বাজেট ভাষণে চলতি দশকের জন্য যে দশ দফা পরিকল্পনার কথা উল্লেখ করেছেন, তা হ’ল –

 

বাস্তবিক ও সামাজিক পরিকাঠামো নির্মাণ।

অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল ভারতের সুবিধা পৌঁছে দেওয়া।

দূষণমুক্ত ভারত গড়ে তোলা।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্টার্ট আপ সংস্থা, প্রতিরক্ষা উৎপাদন, মোটরগাড়ি শিল্প প্রভৃতি ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে বিশেষ গুরুত্ব।

জল, জলসম্পদ পরিচালনা এবং পরিচ্ছন্ন নদ-নদী।

নীল অর্থনীতি।

 

2

 

মহাকাশ কর্মসূচি – গগণায়ন, চন্দ্রায়ন এবং উপগ্রহ প্রেরণ।

আত্মনির্ভরশীলতা এবং খাদ্যশস্য, ডাল, তৈলবীজ, ফলমূল ও শাকসব্জি রপ্তানি।

সুস্থ-সবল সমাজ – আয়ুষ্মান ভারত, সুস্থ মহিলা ও শিশু এবং নাগরিকদের নিরাপত্তা।

গণঅংশীদারিত্বের মাধ্যমে টিম ইন্ডিয়া গড়ে তোলা : ন্যূনতম সরকার, সর্বাধিক সুশাসন।

 

উপরোক্ত এই দশ দফা পরিকল্পনার ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে অর্থমন্ত্রী বিনিয়োগ-নির্ভর অগ্রগতির ওপর জোর দিয়ে বলেন, ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে ওঠার ক্ষেত্রে এগুলির সঠিক রূপায়ণ অত্যন্ত জরুরি। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তির কথা উল্লেখ করে শ্রীমতী সীতারমন বলেন, ‘দেশের স্বার্থে আমাদের কর্তব্য পালনের প্রতি গুরুত্ব দিতে হবে, তবে অধিকারের সঙ্গে আপস করে নয়’।

 

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1577648) ভিজিটরের কাউন্টার : 165
এই রিলিজটি পড়তে পারেন: English