মানবসম্পদবিকাশমন্ত্রক
আইআইআইটি কল্যাণীর প্রথম সমাবর্তনে ১০৮ জনকে বি-টেক ডিগ্রি প্রদান করা হল
प्रविष्टि तिथि:
24 JUN 2019 4:21PM by PIB Kolkata
কলকাতা, ২৪ জুন, ২০১৯
কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনলজির (আইআইআইটি) প্রথম বার্ষিক সমাবর্তন রবিবার, ২৩শে জুন অনুষ্ঠিত হয়। ২০১৮ এবং ২০১৯ ব্যাচের ১০৮ জন ছাত্রছাত্রী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ বি-টেক ডিগ্রি পেলেন।
২০১৮-র শীর্ষ স্থানাধিকারী শ্রী অতুল সহায় এবং ২০১৯-এর শীর্ষ স্থানাধিকারী শ্রী ধ্রুব মিশ্র রাষ্ট্রপতি স্বর্ণ পদক পেয়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ সমতা বজায় রাখার জন্য শ্রেষ্ঠ মহিলা স্নাতক পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৮ সালের জন্য এই পুরস্কার পেয়েছেন কুমারী গুড়িপল্লী হরষিনি। ২০১৯-এ এই সম্মান পেয়েছেন কুমারী বসুধা। ইনস্টিটিউটে শিক্ষাগত বিচারে প্রথম তিন সেরা পড়ুয়াকেও পুরস্কৃত করা হয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী কেশরীনাথ ত্রিপাঠি। তিনি সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান। যে কোন লক্ষ্য অর্জনে নিজস্ব সত্ত্বা বজায় রেখে দলগতভাবে কাজ করার পরামর্শ দেন রাজ্যপাল। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি নিজস্ব উদ্যোগ স্থাপনের ওপর জোর দেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সফল ছাত্রছাত্রীদের শুভকামনা জানান।
আইআইটি খড়্গপুরের নির্দেশক অধ্যাপক পার্থপ্রতীম চক্রবর্তী যিনি আইআইআইটি কল্যাণীর মেন্টর-ডিরেক্টরও, এই ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের জন্য যে বিপুল প্লেসমেন্টের উদ্যোগ রয়েছে, তা সকলের কাছে উদাহরণস্বরূপ বলে মন্তব্য করেন। প্রথম দুটি ব্যাচে ৮৫ শতাংশ ছাত্রছাত্রীর কর্মসংস্থান হয়েছে। ১০০ শতাংশ ছাত্রছাত্রী ইন্টার্নশিপের সুযোগ পেয়েছিলেন। গত এক বছরে দেশ-বিদেশের ১৫টি সম্মেলনে এই প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। তাঁদের ৫০টির বেশি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
আইআইইএসটি শিবপুরের তদানীন্তন ডিরেক্টর অধ্যাপক অজয় কুমার রায়ের পরামর্শক্রমে ২০১৪-র ২১শে মে আইআইআইটি কল্যাণী তার যাত্রা শুরু করে। ২০১৭-র ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এই দায়িত্ব আইআইটি খড়্গপুরের হাতে তুলে দেয়।
CG/CB/DM
(रिलीज़ आईडी: 1575414)
आगंतुक पटल : 117
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English