অর্থমন্ত্রক

অর্থমন্ত্রীর পৌরহিত্যে ৩৫তম জিএসটি পরিষদের বৈঠকে জিস্ট্যাট স্থাপন, জাতীয় মুনাফাখোর প্রতিরোধ কর্তৃপক্ষের সময়সীমা বৃদ্ধি এবং বৈদ্যুতিন চালান ব্যবস্থা প্রচলনের সিদ্ধান্ত

প্রকাশিত: 24 JUN 2019 12:25PM by PIB Kolkata

   

নয়াদিল্লি, ২১ জুন, ২০১৯

 

কেন্দ্রীয় অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের পৌরহিত্যে শুক্রবার নতুন দিল্লিতে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) পর্ষদের ৩৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রে নতুন সরকার গঠিত হওয়ার পর এটিই ছিল পরিষদের প্রথম বৈঠক। বৈঠকে বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর ছাড়াও রাজস্ব সচিব শ্রী অজয় ভূষণ পাণ্ডে এবং অর্থ মন্ত্রকের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পেশাদারী মনোভাব এবং সহযোগিতাপূর্ণ আবহে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৈঠকের শুরুতে পর্ষদে প্রাক্তন চেয়ারপার্সন শ্রী অরুণ জেটলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে একটি প্রস্তাব গৃহীত হয়। ফেডারেল পরিকাঠামোর মধ্যে শ্রী জেটলির বিভিন্ন পদক্ষেপকে বৈঠকে স্মরণ করা হয়েছে। পর্ষদ বিদায়ী সভ্যদের ধন্যবাদ জানিয়েছে এবং নতুন সদস্যদের স্বাগত জানিয়েছে। বৈঠকে উত্তরাখণ্ডের সদ্য প্রয়াত অর্থমন্ত্রী শ্রী প্রকাশ পন্থের অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করা হয়েছে।

 

পর্ষদের বৈঠকে আলোচ্যসূচির বিষয় ছিল ১২টি। এর মধ্যে বিগত বৈঠকের কয়েকটি প্রস্তাবকে এর মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। পর্ষদ পণ্য ও পরিষেবা কর অ্যাপিল বিভাগ (জিস্ট্যাট) গঠনের জন্য বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে স্থান নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। সিকিম, নাগাল্যান্ড, মণিপুর এবং অরুণাচল প্রদেশের জন্য রাজ্যস্তরে একটি কেন্দ্র গঠন করা হবে। জাতীয় মুনাফাখোর প্রতিরোধী কর্তৃপক্ষের সময়সীমা দু’বছর বাড়ানো হয়েছে।

 

পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ধাপে ধাপে বৈদ্যুতিন পদ্ধতিতে চালানের ব্যবস্থা করা হবে। এর ফলে, করদাতাদের সুবিধা হবে এবং যাঁরা কর ফাঁকি দেবেন, তাঁদেরকে চিহ্নিত করা কর্তৃপক্ষের পক্ষে সহজতর হবে। এই বৈদ্যুতিন পদ্ধতির প্রথম পর্যায়টি ২০২০ সালের জানুয়ারি মাসে চালু হবে।   

 

 

CG/CB/DM

   


(রিলিজ আইডি: 1575360) ভিজিটরের কাউন্টার : 173
এই রিলিজটি পড়তে পারেন: English