অর্থমন্ত্রক

পণ্য ও পরিষেবা প্রদানের মাশুল হার পরিবর্তন নিয়ে জিএসটি পরিষদের সিদ্ধান্ত

প্রকাশিত: 24 JUN 2019 12:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুন, ২০১৯

 

কেন্দ্রীয় অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের পৌরহিত্যে শুক্রবার নতুন দিল্লিতে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) পর্ষদের ৩৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রে নতুন সরকার গঠিত হওয়ার পর এটিই ছিল পরিষদের প্রথম বৈঠক। বৈঠকে বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর ছাড়াও রাজস্ব সচিব শ্রী অজয় ভূষণ পাণ্ডে এবং অর্থ মন্ত্রকের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরিষদের বৈঠকে পণ্য ও পরিষেবা প্রদানের ক্ষেত্রে জিএসটি হারে পরিবর্তন বিষয়ে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়।

 

বৈদ্যুতিন যানবাহন, চার্জার এবং বৈদ্যুতিন যানবাহন ভাড়া নেওয়ার ক্ষেত্রে জিএসটি ছাড় সংক্রান্ত বিষয়ে পরিষদ প্রস্তাব দিয়েছে যে, এই বিষয়টি ‘ফিটমেন্ট কমিটি’র কাছে খতিয়ে দেখার জন্য পাঠানো হবে এবং ঐ কমিটির সিদ্ধান্ত পরিষদের পরবর্তী বৈঠকে পেশ করা হবে।

 

দিল্লি হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে জিএসটি পরিষদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, বিদ্যুৎশক্তি উৎপাদন ব্যবস্থা এবং বায়ুশক্তি উৎপাদনের টার্বাইন সংক্রান্ত বিষয়ে পণ্য ও পরিষেবার মূল্য নির্ধারণ সম্পর্কিত বিষয়গুলি ‘ফিটমেন্ট কমিটি’র কাছে পাঠানো হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমিটির প্রস্তাব জিএসটি পরিষদের পরবর্তী বৈঠকে জানানো হবে।

 

একইভাবে, লটারি সংক্রান্ত বিষয়ে যে মন্ত্রীগোষ্ঠী গঠিত হয়েছিল, তার রিপোর্ট জিএসটি পরিষদের কাছে জমা পড়েছে। লটারি সংক্রান্ত মাশুলের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনার পর জিএসটি পরিষদ প্রস্তাব দিয়েছে যে, কর আরোপ সংক্রান্ত বিষয়গুলির ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের আইনি মতামত নেওয়া প্রয়োজন।

 

 

CG/BD/DM

(রিলিজ আইডি: 1575358) ভিজিটরের কাউন্টার : 147
এই রিলিজটি পড়তে পারেন: English