উপ-রাষ্ট্রপতিরসচিবালয়

নির্বাচনে রাজনৈতিক ভাষণ ও বিতর্ক প্রক্রিয়ার মানের অবনমনের বিষয়ে উপ-রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ

প্রকাশিত: 20 MAY 2019 6:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মে, ২০১৯

 

উপ-রাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়া নাইডু সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে প্রচারাভিযানের সময়ে রাজনৈতিক ভাষণ ও বিতর্কের মানের অবনমনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনীতিবিদরা জনস্বার্থের বিভিন্ন বিষয়কে এড়িয়ে ব্যক্তিগত আক্রমণ চালিয়েছেন।

 

কোস্টারিকার ইউনিভার্সিটিস অফ পিস সম্প্রতি উপ-রাষ্ট্রপতিকে সাম্মানিক ডক্টরেট উপাধি দিয়েছে। এই উপলক্ষে শ্রী ভেঙ্কাইয়া নাইডুর বন্ধু ও শুভানুধ্যায়ীরা তাঁকে সংবর্ধনা জানাতে নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে শ্রী নাইডু বলেন, রাজনীতিবিদদের মনে রাখা উচিৎ যে, তাঁরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী - শত্রু নন। এই কারণে ভাষার প্রয়োগে সচেতন থাকা উচিৎ। তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দল, জনগণ এবং সংবাদ মাধ্যমের এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা উচিৎ। শ্রী নাইডু অল্প বয়সে আইন প্রণেতা হিসাবে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, সেই সময়ে সরকারের নানা নীতির বিষয়ে তিনি কঠোর সমালোচনা করতেন। কিন্তু তিনি কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং জনপ্রতিনিধিদের সম্মান প্রদর্শনের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

 

জীবনের প্রতিটি ক্ষেত্রে মান নেমে যাওয়ায় রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি নির্বাচিত প্রতিনিধি, রাজনৈতিক দল, প্রতিষ্ঠান সহ বিশিষ্ট ব্যক্তিদের কাছে মানোন্নয়নের আবেদন রাখেন। জনসাধারণকে তিনি প্রস্তাব দেন যে, জাতপাত, অর্থবল, সম্প্রদায় এবং ফৌজদারি অপরাধের মতো বিষয়গুলিকে বিবেচনা না করে তাঁরা যেন প্রার্থীর চরিত্র, ব্যবহার, গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষমতার ওপর গুরুত্ব দেন। বিভিন্ন রাজনৈতিক দলের উপহার সামগ্রী বিতরণ এবং নেতা-নেত্রীদের দলত্যাগের মতো ঘটনাগুলির তিনি কঠোর সমালোচনা করেন। সংবাদ মাধ্যমের কাছে তাঁর পরামর্শ, খবরের প্রচারের সময়ে তারা যেন মতামতকে মিশিয়ে না ফেলে এবং প্রতি পাঁচ বছর অন্তর জনপ্রতিনিধিদের কাজের খতিয়ান পুনর্মূল্যায়ন করে। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যে যোগ্য নেতা এবং স্থায়ী সরকারের প্রয়োজন।

 

2

 

ভারত সফররত বিদেশি বিশিষ্ট জনদের সঙ্গে তাঁর মতবিনিময় এবং তাঁর বিদেশ ভ্রমণের সময় উপ-রাষ্ট্রপতি উপলব্ধি করেছেন যে, বিশ্ব জুড়ে ভারতের একটি সম্মানজনক অবস্থান রয়েছে। তিনি বলেন, শান্তি এবং অহিংসার মাধ্যমে যুগ যুগ ধরে ভারতীয় সংস্কৃতি এবং তার মূল্যবোধকে সারা পৃথিবী সম্মান করে। তিনি আরও বলেন, বিশ্ব জুড়ে আর্থিক মন্দা অবস্থার মধ্যেও ভারতীয় অর্থনীতি এগিয়ে চলেছে।

 

 

CG/CB/SB


(রিলিজ আইডি: 1572288) ভিজিটরের কাউন্টার : 121
এই রিলিজটি পড়তে পারেন: English