স্বরাষ্ট্র মন্ত্রক

রাষ্ট্রসংঘের বিপর্যয় ঝুঁকি হ্রাস কার্যালয়ের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর অতিরিক্ত মুখ্যসচিব ডঃ পি কে মিশ্রকে মর্যাদাপূর্ণ সাসাকাওয়া পুরস্কারে সম্মানিত করা হ’ল

প্রকাশিত: 17 MAY 2019 6:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মে, ২০১৯

 

রাষ্ট্রসংঘের বিপর্যয় ঝুঁকি হ্রাস কার্যালয় আজ জেনেভা’তে আয়োজিত বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত বিশ্ব মঞ্চের ষষ্ঠ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রীর অতিরিক্ত মুখ্যসচিব ডঃ প্রমোদ কুমার মিশ্রকে ২০১৯ – এর মর্যাদাপূর্ণ সাসাকাওয়া পুরস্কারে সম্মানিত করেছে। উল্লেখ করা যেতে পারে, জেনেভা’তে বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত বিশ্ব মঞ্চের ষষ্ঠ অধিবেশন চলছে।

 

বিপর্যয়ের সময় সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের মধ্যে প্রকৃতির প্রতি সহনশীলতা ও সহমর্মিতা বাড়ানোর ক্ষেত্রে তাঁর দীর্ঘ মেয়াদী আন্তরিকতা ও নিষ্ঠার জন্যই ডঃ পি কে মিশ্রকে এই সম্মানে ভূষিত করা হয়েছে বলে রাষ্ট্রসংঘের বিপর্যয় ঝুঁকি হ্রাস কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। কার্যালয়ের তরফে আরও বলা হয়েছে যে, বৈষম্য ও দারিদ্র্য হ্রাস তথা সামাজিক ও আর্থিক দিক থেকে অনগ্রসর শ্রেণীর মানুষের নিরাপত্তা ও সুরক্ষা বাড়াতে গুরুত্বপূর্ণ নীতির অঙ্গ হিসাবে সামাজিক অন্তর্ভুক্তিতে তাঁর ব্যক্তিগত দায়বদ্ধতার বিষয়টিকেও এই সম্মান প্রদানের মনোনয়নের সময় বিবেচনায় রাখা হয়েছিল।

 

উল্লেখ করা যেতে পারে, বিপর্যয় ঝুঁকি হ্রাস করার ক্ষেত্রে রাষ্ট্রসংঘের সাসাকাওয়া পুরস্কার সর্বাধিক মর্যাদাপুর্ণ আন্তর্জাতিক সম্মান। এখন থেকে তিন দশকেরও বেশি সময় আগে এই পুরস্কার চালু করা হয়। রাষ্ট্রসংঘের বিপর্যয় ঝুঁকি হ্রাস কার্যালয় এবং নিপ্পন ফাউন্ডেশন যৌথভাবে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবারের সাসাকাওয়া পুরস্কারের মূল ভাবনা ছিল ‘এক সার্বিক এবং সহনশীল সমাজ গড়ে তোলা’। পুরস্কার জয়ী ব্যক্তি-বিশেষ বা সংগঠনকে ৫০ হাজার মার্কিন ডলার দেওয়া হয়ে থাকে। এবারের পুরস্কারের জন্য রাষ্ট্রসংঘের ঐ কার্যালয়ে ৩১টি দেশ থেকে ৬১টিরও বেশি মনোনয়ন জমা পড়েছিল।

 

রাষ্ট্রসংঘের বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত বিশ্ব মঞ্চের অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি  ভারতীয় প্রতিনিধিদল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামো সম্পর্কিত ভারতের উদ্যোগগুলিতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

 

 

সুইজারল্যান্ডের জেনেভা’তে ১৩ – ১৭ই মে পর্যন্ত রাষ্ট্রসংঘের উদ্যোগে বিপর্যয় ঝুঁকি হ্রাস নিয়ে বিশ্ব মঞ্চের যে ষষ্ঠ অধিবেশনের আয়োজন করা হয়েছে, সেখানে ভারতের প্রধানমন্ত্রীর অতিরিক্ত মুখ্যসচিব ডঃ পি কে মিশ্রর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করছেন। ভারতীয় প্রতিনিধিদলে ডঃ মিশ্র ছাড়াও রয়েছেন – জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্য শ্রী কমল কিশোর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব শ্রী সঞ্জীব কুমার জিন্দালবিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত বিশ্ব মঞ্চটি রাষ্ট্রসংঘের উদ্যোগে গঠিত এক বহুপাক্ষিক ফোরাম, যেখানে বিপর্যয় ঝুঁকি হ্রাস সম্পর্কিত বিভিন্ন অগ্রগতির পর্যালোচনা, জ্ঞান ও অভিজ্ঞতা আদান-প্রদান তথা সর্বাধুনিক প্রযুক্তিগত অগ্রগতি ও বর্তমান প্রবণতা সম্পর্কে দ্বিবার্ষিক ভিত্তিতে আলাপ-আলোচনা করা হয়।

 

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1572217) ভিজিটরের কাউন্টার : 125
এই রিলিজটি পড়তে পারেন: English