প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রনজিৎ-এর ৩৬ বছরের অধ্যায় ঐতিহ্যের সঙ্গে শেষ হল
प्रविष्टि तिथि:
07 MAY 2019 3:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ মে, ২০১৯
ভারতীয় নৌ-বাহিনীর রাজপুত ঘরানার যুদ্ধজাহাজ ‘আইএনএস রনজিৎ’-এর ৩৬ বছরের গৌরবময় অধ্যায় ঐতিহ্যের সঙ্গে শেষ হল। এই উপলক্ষে গতকাল, সোমবার, বিশাখাপত্তনমে নৌ-বাহিনীর ডক ইয়ার্ডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাজের নাবিক, অন্যান্য সদস্য এবং গত ৩৬ বছর ধরে ‘রনজিৎ’ জাহাজের সঙ্গে যুক্ত সদস্যরা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজ্যপাল তথা এই জাহাজের সঙ্গে যুক্ত প্রাক্তন অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশী। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৬ জন নৌ-আধিকারিক, ১০ জন নাবিক ও ২৩ জন অবসরপ্রাপ্ত কম্যান্ডিং আধিকারিক।
ক্যাপ্টেন বিষ্ণু ভগবৎ-এর নেতৃত্বে এই জাহাজটি ১৯৮৩ সালের ১৫ই সেপ্টেম্বর ভারতীয় নৌ-বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল। এখানে ২৭ জন কম্যান্ডিং অফিসার হিসেবে কাজ করেছেন। ক্যাপ্টেন বিক্রম সি মেহরা ২০১৭ সালের ৬ই জুন পর্যন্ত এই জাহাজে কম্যান্ডিং অফিসার হিসেবে কাজ করেছিলেন। এখনও পর্যন্ত এই জাহাজটি ২,১৯০ দিনে ৭,৪৩,০০০ নটিক্যাল মাইল অতিক্রম করেছে।
এই যুদ্ধজাহাজ গুরুত্বপূর্ণ নৌ-অপারেশনে সামনের সারিতে ছিল। পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল নৌ-ঘাঁটিতেও এই জাহাজটি সম্মানের সঙ্গে কাজ করেছে। এমনকি, বিভিন্ন নৌ-অপারেশন যেমন, ‘অপারেশন তালোয়ার’ এবং বিভিন্ন নৌ-মহড়ায় ভারতীয় নৌ-বাহিনীর পতাকা বহনকারী হিসেবেও দায়িত্ব পালন করেছে। এছাড়াও, ২০০৪ সালের সুনামি এবং ২০১৪ সালের ‘হুদহুদ’ বিপর্যয়ের পর ত্রাণ ও উদ্ধার কাজে এই জাহাজটিকে কাজে লাগানো হয়।
ভারতীয় নৌ-বাহিনীর গৌরবময় ইতিহাসের পরিসমাপ্তিতে শেষবার এই জাহাজে গতকাল জাতীয় পতাকা, নৌ-বাহিনীর পতাকা এবং কমিশনিং ধ্বজা ওড়ানো হয়। ভারতীয় নৌ-বাহিনীতে ‘রনজিৎ’-এর অধ্যায় শেষ হলেও এই জাহাজের কর্মকৌশল প্রত্যেক নাবিক এবং জাহাজের সদস্যদের হৃদয়ে থেকে যাবে। এই যুদ্ধজাহাজের মোটো - ‘যুদ্ধে সর্বদা জয়’ যা, আগামীদিনেও অন্যান্য যুদ্ধজাহাজের অনুপ্ররণা হিসেবে কাজ করবে।
CG/SS/DM
(रिलीज़ आईडी: 1571684)
आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English