ভারী শিল্প মন্ত্রক
মানেসরের আইসিএটি বিশ্বমানের এক মোটর গাড়ি পরীক্ষা কেন্দ্র
প্রকাশিত:
01 MAY 2019 4:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ মে, ২০১৯
ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনে (জিডিপি) মোটর গাড়ি শিল্পের উজ্জ্বল ভূমিকা রয়েছে। জিডিপি-তে এই শিল্পের অবদান ৭.৫ শতাংশেরও বেশি। ভারত সরকার, মোটর গাড়ি শিল্পের বিকাশে এবং সুযোগ-সুবিধা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জাতীয় মোটর গাড়ি পরীক্ষণ তথা গবেষণা ও উন্নয়ন পরিকাঠামো প্রকল্পের আওতায় দেশে নতুন অত্যাধুনিক মোটর গাড়ি পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উদ্দেশ্য, প্রযুক্তি-নির্ভর ও পরিচালিত বাজার ব্যবস্থা তথা নিয়ন্ত্রণমূলক কাঠামোকে আরও জোরদার করে তুলতে গাড়ি শিল্পের জন্য এ ধরণের পরীক্ষণ কেন্দ্র অত্যন্ত জরুরি। হরিয়ানার মানেসরের মোটর গাড়ি প্রযুক্তি সংক্রান্ত আন্তর্জাতিক কেন্দ্র বা আইসিএটি এক বিশ্বমানের পরীক্ষণ কেন্দ্র, যেখান থেকে মোটর গাড়ির গুণমান সংক্রান্ত শংসাপত্র এবং গবেষণা ও উন্নয়নমূলক পরিষেবা প্রদান করা হয়ে থাকে। জাতীয় মোটর গাড়ি পরীক্ষণ তথা গবেষণা ও উন্নয়ন পরিকাঠামো প্রকল্পের আওতায় এই কেন্দ্রটির কাজকর্ম পরিচালিত হয়।
আইসিএটি, সভা-সমিতি এবং হাতে-কলমে প্রশিক্ষণের আয়োজনের মাধ্যমে গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্র যেমন, পাওয়ার ট্রেন, ধোঁয়া নির্গমন, ভারী ইলেক্ট্রিক যানবাহন এবং ইলেক্ট্রিক যান সংক্রান্ত প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে জ্ঞান আদান-প্রদান করে থাকে।
ভারত, ২০৩০ নাগাদ বৈদ্যুতিন যানবাহন প্রযুক্তি কার্যকর করার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। এই বিষয়টিকে বিবেচনায় রেখেই আইসিএটি কেন্দ্রের বৈদ্যুতিন যানবাহন সংক্রান্ত পরীক্ষণাগারটি সংশ্লিষ্ট ক্ষেত্রের উন্নতিতে নিরন্তর কাজ করে চলেছে। একইসঙ্গে, আইসিএটি-র উৎকর্ষ কেন্দ্রগুলিকে ‘প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেন্টার’ বা গুণমান বিশিষ্ট উন্নয়ন কেন্দ্রে পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছে।
হরিয়ানার মানেসরের মোটর গাড়ি প্রযুক্তি সংক্রান্ত আন্তর্জাতিক কেন্দ্রের ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স পরীক্ষাগারে বিদ্যুতের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে গবেষণা চালানো হয়। এছাড়াও, গুণমান বিশিষ্ট পণ্যের আরও মানোন্নয়নে গ্রাহকদের পরামর্শও দেওয়া হয়ে থাকে। টায়ার পরীক্ষা কেন্দ্রের সুদক্ষ ও অভিজ্ঞ কর্মীরা টায়ারের গুণমান সংক্রান্ত বিষয়ে গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকে। এমনকি, টায়ার নির্মাতা সংস্থা, যানবাহন উৎপাদক সংস্থা এবং ভারতীয় মানক ব্যুরোকেও প্রয়োজনীয় মান সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে।
উল্লেখ করা যেতে পারে, আইসিএটি কেন্দ্রে সংঘর্ষের সময় গাড়ির প্রতিরোধ ক্ষমতা পরিমাপ সংক্রান্ত যে পরীক্ষাগারটি রয়েছে, সেখানে গাড়ির সামনে হঠাৎই কোন পথচারী এসে পড়লে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সংক্রান্ত পরীক্ষানিরীক্ষার ব্যবস্থা, স্টিয়ারিং বক্স থেকে এয়ার ব্যাগ সঠিক সময়ে খুলে যাওয়ার পদ্ধতি প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা চালানো হয়।
বিশ্বমানের মোটর গাড়ি প্রযুক্তি সংক্রান্ত এই কেন্দ্রটির নির্দেশক শ্রী দীনেশ ত্যাগী জানিয়েছেন, সম্প্রতি প্রতিষ্ঠানে মোটর গাড়ি শিল্পক্ষেত্রে আরও গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পের অঙ্গ হিসাবে কৃত্রিম মেধা ও রোবোটিক্স-এর মতো আধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণার কাজ শুরু হয়েছে। এই কেন্দ্রটিকে এশিয়ার এক অগ্রণী গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে পরিণত করাই তাঁর প্রতিষ্ঠানের লক্ষ্য বলে শ্রী ত্যাগী জানান। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি মোটর গাড়ি নির্মাতা সংস্থাগুলির সঙ্গে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে একযোগে কাজ করছে।
CG/BD/DM
(রিলিজ আইডি: 1571410)
ভিজিটরের কাউন্টার : 145