কেন্দ্রীয়মন্ত্রিসভা
নগর পরিবহণ ব্যবস্থার উন্নয়নে আগ্রা মেট্রো রেল প্রকল্প কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত
प्रविष्टि तिथि:
01 MAR 2019 4:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আগ্রা মেট্রো রেল প্রকল্পের অনুমোদন দেওয়া হল। এতে দুটি করিডর থাকবে। মূলত পরিচিত দ্রষ্টব্য স্থান, পর্যটন স্থান এবং আবাসিক এলাকাগুলিকে জুড়তে এই উদ্যোগ। মেট্রো রেল প্রকল্প রূপায়িত হলে রাস্তায় যানজট কমবে, যান চলাচলে গতি আসবে এবং দূষণ কমবে। করিডরের দুই ধারে আবাসিক এবং বাণিজ্যিক এলাকাগুলির উন্নয়ন হবে পরিবহণের হাত ধরে, যাতে সহায় হবে মেট্রো রেল ব্যবস্থা।
আগ্রা মেট্রো রেল প্রকল্পে দুটি করিডর যা যুক্ত করবে তাজমহল, আগ্রা দুর্গ, সিকান্দ্রার পাশাপাশি রাজা কি মান্ডি রেল স্টেশন, আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশন, মেডিকেল কলেজ এবং জনবহুল আবাসিক এলাকাগুলিকে।
সিকান্দ্রা থেকে তাজ ইস্ট গেট করিডরের দৈর্ঘ্য ১৪ কিলোমিটার। এর কিছুটা অংশ স্তম্ভের ওপরে থাকবে। ১৩টি স্টেশনের মধ্যে ছ’টি ওপরে এবং সাতটি মাটির নিচে হবে। আগ্রা ক্যান্টনমেন্ট থেকে কালিন্দীবিহার পর্যন্ত করিডরটি হবে ১৫.৪ কিলোমিটার লম্বা। ১৪টি স্টেশনের সবক’টিই থাকবে মাটির ওপর। প্রকল্পের খরচ ধরা হয়েছে ৮,৩৭৯.৬২ কোটি টাকা। প্রকল্পটি শেষ হবে পাঁছ বছরে। সরাসরি উপকৃত হবে প্রায় ২০ লক্ষ মানুষ।
কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশ সরকারের লক্ষ্ণৌ মেট্রো রেল কর্পোরেশনকে উত্তরপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশনে পরিবর্তিত করা হবে এই প্রকল্প রূপায়ণের জন্য। সমহারে লগ্নি করবে কেন্দ্র এবং রাজ্য সরকার। এছাড়াও, আংশিকভাবে সহজ শর্তে ঋণ নেওয়া হবে। ২০১৯-২০ অর্থ বছরের জন্য উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই ১৭৫ কোটি টাকা বরাদ্দ করেছে।
CG/AP/DM
(रिलीज़ आईडी: 1566934)
आगंतुक पटल : 138
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English