প্রকাশিত:
27 FEB 2019 6:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী শ্রী থাওয়ার চাঁদ গেহলট আজ একটি অনুষ্ঠানে ভারতীয় সাঙ্কেতিক ভাষা সংক্রান্ত অভিধানের দ্বিতীয় সংস্করণটি প্রকাশ করেন। এই অভিধানটি প্রস্তুত করেছে এই মন্ত্রকের অন্তর্গত ভারতীয় সাঙ্কেতিক ভাষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র বা আইএসএলআরটিসি। উল্লেখ্য, গত বছর ২৩ মার্চ অভিধানটির প্রথম সংস্করণটির আনুষ্ঠানিক প্রকাশ হয়। ঐ অভিধানটিতে ৩ হাজার শব্দ ছিল। দ্বিতীয় সংস্করণটিতে মোট ৬ হাজার শব্দ রয়েছে বিভিন্ন বিভাগে। সেগুলি হল- শিক্ষা, আইন, চিকিৎসা, প্রযুক্তি এবং প্রতিদিন ব্যবহৃত শব্দাবলী।
এই অভিধানটি পাওয়া যাচ্ছে আইএসএলআরটিসি-র ইউটিউব চ্যানেলেও। ইতিমধ্যে এ সংক্রান্ত ১০০০টি ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে।
অভিধানটি প্রকাশ করে শ্রী গেহলট শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধকতা রয়েছে এমন মানুষজনের সুবিধার্থে প্রয়োজনীয় এই অভিধানটি প্রকাশের জন্য আইএসএলআরটিসি-র এই প্রয়াসের প্রশংসা করেন। তিনি বলেন, ভারতীয় সাংকেতিক ভাষা বিষয়ক প্রশিক্ষক, শিক্ষার্থী, শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের শিক্ষক-শিক্ষিকা বা তাঁদের অভিভাবক এবং গবেষকদের কাছে এই অভিধানটি সম্পদ তুল্য হয়ে উঠবে।
এই অভিধানে মোট ৬ হাজার শব্দ রয়েছে এবং এটি শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধকতার শিকার এমন মানুষজনের পরামর্শ-সাপেক্ষেই প্রস্তুত করা হয়েছে। ভিডিওগুলিতে রয়েছে সংকেত- এই সংকেত বা ছবির ইংরেজি শব্দ বা পরিভাষা গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ২০১১-র জনগণনা অনুযায়ী, দেশে ৫০.৭১ লক্ষ মানুষ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধকতার শিকার।
CG/SSS/NS