শিল্পওবাণিজ্যমন্ত্রক
সুরেশ প্রভু শিল্প ও বাণিজ্য মন্ত্রকের এক হাজার কোটি টাকার প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন
প্রকাশিত:
22 FEB 2019 6:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০১৯
কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী সুরেশ প্রভু আজ (২২শে ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে মন্ত্রকের এক হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। দেশের সাতটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্পগুলি রূপায়িত হবে। বাণিজ্য মন্ত্রী কর্ণাটকের উদুপিতে একটি দক্ষতা বৃদ্ধির জন্য অভিন্ন পরিষেবা কেন্দ্র উদ্বোধন করেন। তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অনুরূপ একটি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া, রাজস্থানের কোটা এবং উত্তরপ্রদেশের রায়বেরিলিতে দুটি মশলা পার্কেরও উদ্বোধন করেন তিনি। অন্যদিকে, অসমের জোড়হাট এবং মধ্যপ্রদেশের ভোপালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের একটি করে ক্যাম্পাসেরও তিনি উদ্বোধন করেন। অন্যদিকে, পশ্চিমবঙ্গের কলকাতায় এবং দিল্লির কাছে ময়দানগড়িতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনলজির একটি করে ক্যাম্পাসেরও তিনি উদ্বোধন করেন। চণ্ডীগড়ের বানুরে শিল্পমন্ত্রী চর্মজাত দ্রব্যের ফুটওয়্যার ডিজাইন এবং ডেভেলপমেন্ট ইনস্টিটিউটেরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সুরেশ প্রভু বলেন, উদুপিতে রত্নালঙ্কার তৈরির সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা উন্নয়নের ব্যবস্থা হবে। অন্যদিকে, কোয়েম্বাটোরেও কুন্দন, মিনাকারি, বিদ্রি, দেবতাদের জন্য ব্যবহৃত অলঙ্কার, ফিলিগ্রি এবং জাদাও অলঙ্কার উৎপাদনের সঙ্গে যুক্ত প্রায় ৫০ হাজার কর্মীর প্রশিক্ষণের ব্যবস্থা হবে। অন্যদিকে, কোটা এবং রায়বেরিলিতে মশলা পার্ক স্থাপনের ফলে ভারতের মশলা রপ্তানির সুযোগ বাড়বে। এছাড়া, জোড়হাটে এবং ভোপালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে আধুনিক ও আন্তর্জাতিক মানের পোশাক-পরিচ্ছদ ডিজাইনের ব্যবস্থা হবে। বিশেষ করে, জোড়হাটে এই ধরণের কাজের সঙ্গে যুক্ত মহিলারা আধুনিক ডিজাইনের কাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। কলকাতা এবং ভোপালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনলজি থেকে একটি করে পূর্ণ সময়ের এমবিএ কোর্স চালু করা হবে। পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের অধিবাসীরা এই ধরণের ব্যবসার ক্ষেত্রে আধুনিক পরিচালন ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ এই কেন্দ্রগুলি থেকে পেতে পারেন। চণ্ডীগড়ের বানুরে ১০০ কোটি টাকা ব্যয়ে চর্মজাত দ্রব্যের জন্য যে কেন্দ্র গড়ে তোলা হয়েছে, তার ফলে পাদুকা সংক্রান্ত প্রযুক্তি ও পরিচালন, ফ্যাশন ডিজাইন এবং তা বিপণনের অত্যাধুনিক ব্যবস্থা থাকবে। এই কেন্দ্র থেকে যে শুধুমাত্র পাঞ্জাবের মানুষই উপকৃত হবেন তা নয়, পার্শ্ববর্তী হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের অধিবাসীরাও এখান থেকে উপকৃত হবেন।
CG/PB/DM
(রিলিজ আইডি: 1566002)
ভিজিটরের কাউন্টার : 150