কেন্দ্রীয়মন্ত্রিসভা

আঞ্চলিক দ্রুত গতিসম্পন্ন পরিবহণ ব্যবস্থার অঙ্গ হিসাবে দিল্লি – গাজিয়াবাদ – মীরাট করিডর নির্মাণে মন্ত্রিসভার সায়

প্রকাশিত: 20 FEB 2019 5:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ আঞ্চলিক দ্রুত গতিসম্পন্ন পরিবহণ ব্যবস্থার অঙ্গ হিসাবে ৮২.১৫ কিলোমিটার দীর্ঘ দিল্লি – গাজিয়াবাদ – মীরাট করিডর নির্মাণে অনুমোদন মিলেছে। এই করিডরের ৬৮.০৩ কিলোমিটার অংশ ভূপৃষ্ঠে এবং ১৪.১২ কিলোমিটার অংশ ভূ-গর্ভস্থ হবে। করিডর প্রকল্পের নির্মাণে মোটা খরচ ধরা হয়েছে ৩০ হাজার ২৭৪ কোটি টাকা। অনুদান এবং ঋণ সহায়তা হিসাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৫ হাজার ৬৩৪ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও, কেন্দ্রীয় সরকার এই প্রকল্প নির্মাণে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি, আইনি সহায়তা দেবে।

রেল পরিষেবা-ভিত্তিক উচ্চ গতিসম্পন্ন আঞ্চলিক পরিবহণ ব্যবস্থা এই প্রথমবার ভারতে রূপায়িত হতে চলেছে। প্রকল্পটি রূপায়িত হলে জাতীয় রাজধানী অঞ্চলের নিত্য যাতায়াতকারীরা দ্রুত গতিসম্পন্ন, আরামদায়ক ও নিরাপদ পরিবহণ ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে পারবেন। আঞ্চলিক দ্রুত গতিসম্পন্ন পরিবহণ ব্যবস্থার উদ্দেশ্য হ’ল – ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কমিয়ে যাতায়াত ব্যবস্থায় যানজট নিয়ন্ত্রণ তথা যাত্রী পরিবহণের এক আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। এই ধরণের পরিবহণ ব্যবস্থা নিত্য যাত্রীদের সুরক্ষিত, নিরাপদ, বিশ্বাসযোগ্য, দ্রুত ও আরামদায়ক পরিষেবা প্রদান করবে।

জাতীয় অঞ্চল পরিবহণ নিগম প্রস্তাবিত এই করিডরটি স্পেশাল পার্পাস ভেহিকেল হিসাবে গ্রহণ করবে। এই করিডর প্রকল্প রূপায়িত হলে জাতীয় রাজধানী অঞ্চলে গণপরিবহণ পরিকাঠামো গড়ে তোলার চাহিদা পূরণ হবে। সেই সঙ্গে, এই অঞ্চলে যানজট, বায়ু দূষণের সমস্যা কমবে এবং এক সুসামঞ্জস্যপূর্ণ ও স্থায়ী আঞ্চলিক পরিবহণ ব্যবস্থা গড়ে উঠবে।

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1565599) ভিজিটরের কাউন্টার : 92
এই রিলিজটি পড়তে পারেন: English