অর্থমন্ত্রক

ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের নিশ্চিত আয়ের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্প

प्रविष्टि तिथि: 01 FEB 2019 5:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০১৯

 

দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের নিশ্চিত আয়ের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকার প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি নামে একটি প্রকল্প চালু করার প্রস্তাব দিয়েছে। সংসদে ২০১৯-২০ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বলেছেন, এই কর্মসূচির আওতায় চাষযোগ্য জমির পরিমাণ ২ হেক্টরের কম এমন কৃষক পরিবারগুলিকে প্রতি বছর ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ২,০০০ টাকার কিস্তিতে তিনবার সরাসরি এই অর্থ সংশ্লিষ্ট প্রাপকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। ভারত সরকার এই প্রকল্পের জন্য ব্যয় বহন করবে। এর ফলে, সারা দেশের প্রায় ১২ কোটি ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক উপকৃত হবেন। ২০১৮-র ১ ডিসেম্বর থেকে এই প্রকল্পটির সূচনা ধরা হবে। প্রথম কিস্তি বাবদ অর্থ ২০১৯-এর ৩১শে মার্চের মধ্যে পাওয়া যাবে। এই প্রকল্প রূপায়ণের জন্য সরকারের ৭৫ হাজার কোটি টাকা ব্যয় হবে।

পশুপালন ক্ষেত্রকে উৎসাহিত করতে সরকার রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য ব্যয়বরাদ্দ বাড়িয়ে ৭৫০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে, আমাদের গো-সম্পদের জিনঘটিত উন্নয়নের লক্ষ্যে ‘রাষ্ট্রীয় কামধেনু আয়োগ’ স্থাপনের প্রস্তাব করা হয়েছে। দেশের মৎস্যক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে সরকার একটি পৃথক মৎস্য বিভাগ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় এই খবর জানিয়ে বলেছেন যে গত বছর বাজেটে সরকার কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা পশুপালক এবং মৎস্য চাষের সঙ্গে যুক্ত কৃষকদেরও দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। এবার, পশুপালন এবং মৎস্যচাষের সঙ্গে যুক্ত যে কোন ধরণের কাজের জন্য ঋণের ২ শতাংশ হারে সুদে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ঋণ নিতে হবে। সময়মতো ঋণ পরিশোধ করলে সংশ্লিষ্ট কৃষককে অতিরিক্ত ৩ শতাংশ হারে সুদে ছাড় দেওয়া হবে। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষকের জন্য ২ শতাংশ হারে সুদের ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছেন। এছাড়া, সময়ে ঋণ পরিশোধ করার জন্য ৩ শতাংশ হারে সুদের ক্ষেত্রে উৎসাহ ভাতা দেওয়া হবে।

 

CG/PB/DM


(रिलीज़ आईडी: 1562278) आगंतुक पटल : 150
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English