প্রকাশিত:
07 JAN 2019 5:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর, ২০১৮
ভারতমাতার জয়
বন্দে-মাতরম্
বন্দে-মাতরম্
বন্দে-মাতরম্
আপনাদের সবাইকে আমার অনুরোধ ৭৫ বছর আগে আজকের দিনে নেতাজি এখানে এসেছিলেন, তাঁর স্মৃতিতে নিজেদের ফোন বের করে সবাই একসঙ্গে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নেতাজিকে সম্মান জানান। প্রত্যেকে জ্বালান। এবার আমার সঙ্গে বলুন –
নেতাজি জিন্দাবাদ
নেতাজি জিন্দাবাদ
নেতাজি জিন্দাবাদ
সুভাষ বাবু জিন্দাবাদ
সুভাষ বাবু জিন্দাবাদ
সুভাষ বাবু জিন্দাবাদ
বন্দে-মাতরম্
বন্দে-মাতরম্
বন্দে-মাতরম্
অনেক অনেক ধন্যবাদ।
মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আজ বিশেষরূপে আমন্ত্রিত সুভাষবাবুর পরিবারের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যায় আগত আমার প্রিয় ভাই ও বোনেরা।
স্বাধীনতার জন্য নিজেদের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়া অসংখ্য দেশভক্তের ত্যাগ এবং পরাক্রমে পবিত্র এই ভূমিকে আমি শত শত প্রণাম জানাই। আন্দামান ও নিকোবর দ্বীপসমূহ ভারতের প্রাকৃতিক সৌন্দর্য্যের প্রতীক, ভারতীয়দের জন্য তীর্থসম। এই ভূমির গুরুত্ব এর ভৌগোলিক অবস্থানের পাশাপাশি এর অতীতের সোনালি ইতিহাসে নিহিত। এই দ্বীপসমূহ আমাদের স্বাধীনতা সংগ্রামীদের শৌর্য এবং সঙ্কল্পের প্রতীক।
বন্ধুগণ, দেশের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই দ্বীপগুলিকে দেশের উন্নয়ন গাথার গুরুত্বপূর্ণ শরিক করে তোলার জন্য আমাদের সরকার দায়বদ্ধ। সেজন্যই আজ আন্দামানের নানা প্রান্তে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগে নির্মিত কিংবা নির্মীয়মান বিভিন্ন পরিষেবার উদ্বোধন কিংবা শিলান্যাস করা হয়েছে। এই প্রকল্পগুলি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন, শিল্প স্থাপন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এগুলির জন্য ভাই ও বোনেরা, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।
বন্ধুগণ, দেশের স্বাধীনতার সঙ্কল্পের সঙ্গে যুক্ত দুটি গুরুত্বপূর্ণ স্মারক দর্শনের সুযোগ আমার হয়েছে। প্রথমে সেলুলার জেল আর তারপর সেখানে গিয়েছি যেখানে ৭৫ বছর আগে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের স্বাধীনতা ঘোষণা করে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।
বন্ধুগণ, সেলুলার জেল ক্যাম্পাসে পা রাখতেই একটি ভিন্ন অনুভূতি মন-মস্তিষ্কে ছেয়ে যায়। সেই মানুষরা না জানি কোন ধাতু দিয়ে তৈরি ছিলেন, যাঁরা হাসতে হাসতে সমস্ত যাতনা সহ্য করেছেন। ঐ কারাগারের বারান্দা ও করিডরে হাঁটতে হাঁটে মনে হয়, ভারত মায়ের বীর সুপুত্ররা সমুদ্রের ঢেউয়ে নিজেদের রক্ত-ঘাম দিয়ে ভারত মায়ের জয়ধ্বনি লিখে দিয়েছিলেন। তাঁরা প্রতি মুহূর্তে তিল তিল করে নিজেদের জীবনকে জ্বালিয়ে স্বাধীনতার আলো প্রজ্জ্বলিত করেছেন।
বীর সাভারকারকে নিয়ে যত কথা শুনেছি ও পড়েছি, এক একটি ঘটনা আমার কল্পনায় দৃশ্যমান, জীবন্ত হয়ে উঠছিল। সেই কুঠুরিগুলি, যেগুলিতে সাভারকার, বাবা মান সিংহ, মহাবীর সিংহ, ইন্দ্রভূষণ রায়ের মতো শত সহস্র মহান স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন অত্যাচার করা হয়েছে। যেখানে তাঁরা এত বছর ধরে অত্যাচার সহ্য করেছেন, এগুলির মূল্য আজ আমার কাছে কোনও মন্দিরের থেকে কম নয়। বরেন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, পৃথ্বী সিংহ, আজাদ, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, ভাই পরমানন্দ – এরকম অনেক স্বাধীনতা আন্দোলনের নেতা এই সেলুলার জেলকে গৌরবান্বিত করেছেন। তাঁদের অনুগামী আরও অসংখ্য অখ্যাত নায়কদের বীরগাথা এই কৃতজ্ঞ রাষ্ট্র কোনদিন ভুলতে পারবে না।
আমার সঙ্গে বলুন –
শহীদরা – অমর রহো
শহীদরা – অমর রহো
বন্ধুগণ, স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ উঠলে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি আমাদের গর্বে ভরিয়ে দেয়, নতুন প্রাণশক্তি সঞ্চার করে। আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বসু আন্দামানের এই মাটিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্কল্প ভূমিতে রূপান্তরিত করেন। নেতাজির আহ্বানে আন্দামানের অনেক বীরেরা দেশের স্বাধীনতার জন্য নিজেদের সমর্পণ করেছিলেন। তারপরই এখানে আজাদ হিন্দ ফৌজ স্বাধীন ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করে। ৩০শে ডিসেম্বর, ১৯৪২-এর সেই ঐতিহাসিক ঘটনার আজ ৭৫তম বর্ষপূর্তি। আজ সেই ঘটনার স্মৃতিতে এখানে ১৫০ ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করে আমরা এই দিনটিকে দেশবাসীর স্মৃতিকে চিরভাস্বর করে রাখার চেষ্টা চালাচ্ছি। আমার পরম সৌভাগ্য যে আজাদ হিন্দ ফৌজের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে জাতীয় পতাকা উত্তোলন করতে পেরেছি।
ভাই ও বোনেরা, ইতিহাসের সেই গৌরবময় মুহূর্তে সরকারের পক্ষ থেকে মুদ্রা এবং ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, আন্দামানের নানা প্রান্তে নেতাজি সমেত স্বাধীনতা সংগ্রামের নেতাদের স্মৃতি অম্লান করার জন্য সরকার একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। এখন আমি যেখন আপনাদের সঙ্গে কথা বলছি, এই মুহূর্তে দিল্লিতে একটি ঘোষণার মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। আমি অত্যন্ত গর্বের সঙ্গে এটি ঘোষণা করতে চাই। এখন থেকে রস দ্বীপকে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ, নীল দ্বীপকে শহীদ দ্বীপ এবং হ্যাভলক দ্বীপকে স্বরাজ দ্বীপ নামকরণ করা হয়েছে।
ভাই ও বোনেরা, নেতাজি স্বয়ং ভারতের এই দ্বীপপুঞ্জে স্বাধীন দেশে পতাকা উড়িয়ে দেশকে ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত ঘোষণা করেছি। সেদিন তিনি এই মাঠে দাঁড়িয়ে একটি বড় জনসভায় দেশবাসীকে সম্বোধন করেছিলেন। এটি এখন নেতাজি স্টেডিয়ামে পরিণত হয়েছে। তখন তিনি বলেছিলেন যে এই অঞ্চল দখলের মাধ্যমেই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রীয় অস্মিতা এখন সত্য এবং বাস্তব রূপ নিয়েছে। সেই ঘোষণার চার বছর পরই ভারতমাতা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে গেছে।
বন্ধুগণ, দাসত্বের সুদীর্ঘ কালখণ্ডে ভারতের ঐক্য নিয়ে যে সন্দেহের আবহ গড়ে উঠেছিল, সেটা ছিল মানসিকতার প্রশ্ন, সংস্কারের নয়। সুভাষবাবুও এটা মানতেন যে আমরা প্রাচীনকাল থেকেই এক, হ্যাঁ, দাসত্বের সময়ে আমাদের ছিন্নভিন্ন করার প্রচেষ্টা অবশ্যই হয়েছে। নেতাজির দৃঢ় বিশ্বাস ছিল যে এক রাষ্ট্র রূপে পরিচয়কে জোর দিলে সেই মানসিকতার পরিবর্তন সম্ভব। আজ আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমরা সবাই ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর পথে নেতাজির ভাবনার অনুরূপ পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
বন্ধুগণ, অনেকবার কেউ কেউ অজান্তেই ‘মেইনল্যান্ড’ এবং ‘আইল্যান্ড’-এর বিভেদ করে ফেলেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার জন্য সমগ্র ভারত এখানকার প্রত্যেক কণাও মেইনল্যান্ড। আমার জন্য দিল্লি, মুম্বাই কিংবা চেন্নাই যতটা মেইনল্যান্ড, পোর্ট ব্লেয়ারও ততটাই মেইনল্যান্ড। সেজন্য আমাদের সরকার সেই অঞ্চলগুলির যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে অধিক গুরুত্ব দিচ্ছে, যেগুলি যে কোন কারণে পিছিয়ে রয়েছে। দেশের ভূ-প্রাকৃতিক এবং আবেগজনিত ঐক্যকে আরও মজবুত করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য অটল।
ভাই ও বোনেরা, সংহতির এই ভাবনা আরও শক্তিশালী হয়ে ওঠে যখন আমরা আমাদের ইতিহাসের নায়কদের স্মরণ করি। আমি বারবার বলে আসছি, যে দেশ নিজের সত্যিকারের নায়কদের, নিজের ইতিহাসকে সম্মানের সঙ্গে সমাদর করতে জানে না, সেই দেশ কখনও উন্নতি করতে পারবে না। যে দেশ যত বেশি নিজের ইতিহাস ও ঐতিহ্যকে সামলে রাখতে পারে, সংরক্ষণ করতে পারে, তার উন্নয়ন ততই পোক্ত হয়।
বিগত সাড়ে চার বছরে কেন্দ্রীয় সরকার দেশের বৈভবপূর্ণ ইতিহাসের প্রত্যেক ছোট ছোট অংশকে তুলে ধরার চেষ্টা করছে। শুধু ঘটনা হিসেবে নয়, ইতিহাসকে গহনার মতো সংরক্ষিত করে মানুষকে প্রেরণা যোগানোর চেষ্টা করছে। ইতিহাস আমাদের অতীত এবং এতে রয়েছে ভবিষ্যতের অনুভব। ইতিহাস শৌর্য, পরাক্রম এবং পীড়ার সংমিশ্রণ। আবার ইতিহাস শৌর্য ও পরাক্রমের জন্য প্রেরণাস্বরূপ। ইতিহাস আমাদের প্রযত্নের পরশপাথর, আবার পরিশ্রমের প্রতিবিম্বও। ইতিহাস আমাদের সতর্ক ও তটস্থ থাকতে শেখায়। ইতিহাস সময়ে আবদ্ধ, আবার ইতিহাস নতুন সঙ্কল্পের প্রাণশক্তিও। ইতিহাস আমাদের নতুন আশা, নতুন স্বপ্ন দেখার সাহস যোগায়, আবার ইতিহাস আমাদের ভবিষ্যতের জন্য নিজেদের সমর্পণ করার সাহসও যোগায়।
বন্ধুগণ, এই ভাবনা থেকেই সরকার অনেক বছর ধরে ঝুলে থাকা পুলিশ মেমোরিয়ালের স্বপ্ন বাস্তবায়িত করেছে। বাবাসাহেব আম্বেদকরের পঞ্চতীর্থ নির্মাণ করা হয়েছে। রাষ্ট্রীয় একতা এবং কৃষক আন্দোলনের প্রণেতা সর্দার বল্লভভাই প্যাটেলকে সম্মান জানাতে তাঁর অবয়বের বিশ্বের সর্বোচ্চ মূর্তি গড়ে আমরা এর নাম দিয়েছি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ বা ‘ঐক্যের মূর্তি’। এই ঐক্যের মূর্তি আজ সমগ্র বিশ্বে দেশের গর্বের প্রতীক। এই সমস্ত স্মারক শুধুই ইতিহাসের সংরক্ষণ নয়, আমাদের দেশকে ঐক্যবদ্ধ করে তোলার জন্য সত্যিকারের বীরদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাও।
শুধু তাই নয়, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সর্দার প্যাটেলের নামে আমরা রাষ্ট্রীয় পুরস্কারও চালু করেছি। আজ আমি এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু ‘ডিম্ড ইউনিভার্সিটি’র প্রকল্পও ঘোষণা করছি।
ভাই ও বোনেরা, এই সমস্ত মহাপুরুষদের প্রেরণায় আমরা যে ‘নতুন ভারত’ নির্মাণের সঙ্কল্প নিয়েছি, তার স্বভাবে মূল তত্ত্বের বিকাশ, আমাদের সম্পদ ও সংস্কৃতির বিকাশ সুনিশ্চিত করা হচ্ছে। দেশের প্রত্যেক প্রান্তের প্রতিটি মানুষের বিকাশ অর্থাৎ সবকা বিকাশ। যখন আমরা সম্পদ উন্নয়নের কথা বলি, তখন শিল্পের বিকাশ এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়।
সরকার এখানকার পরিবেশ ও পরিস্থিতির অনুকূল শিল্পোন্নয়নের জন্য দায়বদ্ধ। সৌরশক্তি, এলএনজি থেকে বিদ্যুৎ উৎপাদন, বৈদ্যুতিক গাড়িকে এখানকার ট্র্যাফিক ব্যবস্থা করে তোলার মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে চাই।
বন্ধুগণ, এই অঞ্চলের শিল্পোন্নয়নের জন্য সরকার একটি বড় প্রকল্প প্রস্তুত করেছে। আপনাদের সামনে, এই ঐতিহাসিক মুহূর্তে আজ সেটি ঘোষণা করব। এই প্রকল্পের নাম ‘লাক্ষাদ্বীপ ও আন্দামান-নিকোবর আইল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট স্কিম’। এর মাধ্যমে এসব অঞ্চলে যারা পরিবেশ-বান্ধব শিল্প স্থাপন করবেন, তাদেরকে সরকার সাহায্য করবে, অনেক ক্ষেত্রে ছাড় দেবে। এই প্রকল্পের মাধ্যমে আগামীদিনে এসব অঞ্চলে অনেক শিল্প স্থাপন হবে, সেগুলিতে এখানকার নবীন প্রজন্মের যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে।
এই প্রকল্পের মাধ্যমে পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কয়েকশ’ শিল্প প্রতিষ্ঠান উপকৃত হবে। আজ এখানে স্টার্ট-আপ-এর জন্যও একটি নীতি-পুস্তিকার আবরণ উন্মোচন করা হয়েছে। এই সকল প্রচেষ্টার মাধ্যমে এই অঞ্চলের যুবসম্প্রদায় নিশ্চিতভাবে উপকৃত হবেন। এখানকার পরিচিতি, এখানকার সংস্কৃতিকে সংরক্ষিত রেখে পর্যটনকেও বিকশিত করার প্রচেষ্টা চলছে। আজ পর্যটন সংশ্লিষ্ট পরিকাঠামো উন্নয়নে অনেক বড় বড় প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস করা হয়েছে। হ্যাভলক বন্দরে নির্মীয়মান যাত্রী টার্মিনাল, ‘ইয়াট ম্যারিনা’-র সম্প্রসারণ, এগুলির মাধ্যমে সমুদ্র ও তটবর্তী পর্যটনের সম্ভাবনা বৃদ্ধি পাবে। এখানে এখন ২০টি ইয়াটের নোঙর করার ব্যবস্থা রয়েছে, সেটিকে বাড়িয়ে ১০০টি ইয়াটের নোঙর করার ব্যবস্থা করা হচ্ছে।
বন্ধুগণ, শিল্পোদ্যোগ এবং পর্যটনের উন্নয়ন তখনই সম্ভব হয়, যখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এ বছর চারটি জাহাজ এখানকার পরিবহণ ব্যবস্থায় যুক্ত হয়েছে। তাছাড়া, ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির মাধ্যমে কোচি জাহাজঘাটায় দ্রুত নির্মীয়মান চারটি জাহাজকেও এখানকার পরিবহণ ব্যবস্থায় যুক্ত করার ভাবনা রয়েছে। আমরা চেষ্টা করছি যাতে দ্বীপসমূহ যতটা সম্ভব আত্মনির্ভর হয়ে ওঠে। এখানকার বড় জাহাজগুলির রক্ষণাবেক্ষণের জন্য পাঠাতে হয় দেশের বড় বন্দরগুলিতে। এখন পোর্ট ব্লেয়ার বন্দরকেও রক্ষণাবেক্ষণে সক্ষম করে তোলা হচ্ছে।
বন্ধুগণ, আমাকে বলা হয়েছে যে, চাথম থেকে বোম্বুফ্ল্যাট যেতে আগে অনেক সময় লাগতো। এখন সেখানে একটি সেতু নির্মাণের প্রকল্প মঞ্জুর করা হয়েছে। আজ যে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আমার বৈঠক হয়েছে, সেখানে তাঁরা সড়ক যোগাযোগের প্রসঙ্গ উত্থাপন করেছেন। আমাকে বলা হয়েছে যে এখানকার গ্রামীণ এলাকায় সড়ক মেরামতি ও রক্ষণাবেক্ষণের সমস্যা রয়েছে। আমি মাননীয় লেফটেন্যান্ট গর্ভনরকে অনুরোধ করব সড়কগুলির সরেজমিন সমীক্ষা করে দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পাঠান। এই রিপোর্ট অধ্যয়নের পর কেন্দ্রীয় সরকার যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
তাছাড়া বিমান যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করতে বীর সাভারকর বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল বিল্ডিং গড়ে উঠছে। এই টার্মিনাল অতি শীঘ্রই পরিষেবার জন্য প্রস্তুত থাকবে। চেন্নাই এবং কলকাতা পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে ভাড়ায় ছাড় দিয়ে চার্টার্ড ফ্লাইট চালু করা হবে।
বন্ধুগণ, জলপথ, বিমানপথ এবং সড়ক পথের পাশাপাশি আই-ওয়েও আজকের প্রধান প্রয়োজন। সেকথা মাথায় রেখে ফোন এবং ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থাও উন্নত করা হচ্ছে। চেন্নাই থেকে সমুদ্রের তলদেশে বিছানো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এখন পোর্ট ব্লেয়ারেও দিল্লি কিংবা চেন্নাইয়ের গতিতে ইন্টারনেট চলবে।
শুধু তাই নয়, ‘সোয়ান’ কিংবা ‘স্টেট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক’ও আজ থেকে শুরু করা হয়েছে। এর মাধ্যমে প্রথম পর্যায়ে লোকবসতির নিরিখে এখানকার বড় দ্বীপগুলিকে ১২টি স্থানে যুক্ত করা হচ্ছে। ফলে, জেলা এবং ব্লকস্তরের সকল সরকারি দপ্তরে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা চালু হবে এবং সরকারি পরিষেবাসমূহের অনলাইন ডেলিভারি সহজ হবে। এই প্রক্রিয়া আন্দামান ও নিকোবর সহ সমস্ত দ্বীপগুলিতে ডিজিটাল ইন্ডিয়ার শক্তি সুনিশ্চিত করবে।
বন্ধুগণ, শিল্প এবং পর্যটন ছাড়া নিজেদের পুরনো ব্যবসাতেও যাতে যুবসম্প্রদায়ের কর্মসংস্থান হয়, সেদিকে লক্ষ্য রেখে ১৯টি মৎস্য প্রজননকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এগুলির মধ্যে ৯টির কাজ সম্পূর্ণ হয়েছে আর ১০টির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। পাশাপাশি, কৃষি, মৎস্যচাষ এবং পশুপালনে অগ্রগতি সুনিশ্চিত করতে ২০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
ভাই ও বোনেরা, আজ এখানে পানীয় জলের সমস্যা দূর করতে কয়েকটি প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস করা হয়েছে। আগামী ২০ বছর যাতে পোর্ট ব্লেয়ার এবং সন্নিহিত অঞ্চলগুলিতে পানীয় জলের সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে ধনীকারী বাঁধের উচ্চতা বৃদ্ধি করা হচ্ছে। দ্বীপগুলিতে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য বিগত ছয় মাসে এখানে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম সৌরশক্তি উৎপাদন প্রকল্প মঞ্জুর করা হয়েছে। তাছাড়া, আজ যে এলএনজি পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করা হয়েছে, এর মাধ্যমে আগামী ২৫ বছর ধরে এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ জারি রাখতে সহায়ক হবে।
বন্ধুগণ, বর্জ্য থেকে শক্তি উৎপাদনের লক্ষ্যে পোর্ট ব্লেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে নতুন প্লাজমা গ্যাস প্রকল্প এখানে গড়ে উঠবে তা পরিশ্রুত পানীয় জলের পাশাপাশি নির্মল শক্তি এবং পরিবেশ-বান্ধব জ্বালানি উৎপাদনেও সক্ষম হবে।
ভাই ও বোনেরা, পরিচ্ছন্নতা নিয়ে আপনাদের সঙ্কল্প প্রশংসনীয়, সেজন্য আমি নাগরিকদের ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত আনন্দিত যে এখানকার মানুষ সমস্ত দ্বীপগুলিকে উন্মুক্ত স্থানে প্রাকৃতিক কর্মমুক্ত ঘোষণা করেছেন। পরিচ্ছন্নতা এখানকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্যও উন্নত হচ্ছে।
ভাই ও বোনেরা, দেশবাসীর স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে আমরা উদ্যোগগুলি নিয়েছি তার সুফল আপনারা ইতিমধ্যেই পাচ্ছেন। দু’বছর আগে পোর্ট ব্লেয়ারে ‘আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স’ শুরু করা হয়েছিল। এর মাধ্যমে ইতিমধ্যেই এখানকার আড়াই হাজার গরিব এবং অবসরপ্রাপ্ত বয়স্করা নিজেদের চিকিৎসা করিয়েছেন। তেমনই ‘আয়ুষ্মান ভারত যোজনা’র মাধ্যমেও এখানকার অনেক দরিদ্র পরিবার উপকৃত হয়েছেন। কঠিন অসুখ হলে পরিবারপিছু ৫ লক্ষ টাকা ব্যয়ে দেশের যে কোন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন।
বন্ধুগণ, দ্বীপপুঞ্জে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে দু’টি পিএসসি এবং সিএসসি-কে আপগ্রেড করে জেলা হাসপাতালের মর্যাদা দেওয়া হচ্ছে। তাছাড়া, আজ এখানে একটি আয়ুষ হাসপাতালেরও শিলান্যাস করা হয়েছে। এইসব পরিষেবা এখানে পেলে আপনাদের আর চিকিৎসার জন্য দূর-দূরান্তে যেতে হবে না।
ভাই ও বোনেরা, স্বাস্থ্যের পাশাপাশি সরকারের অগ্রাধিকার রয়েছে শিক্ষার বিস্তারেও। চার বছর আগে আমরা এখানে নতুন ডিগ্রি কলেজ খুলেছিলাম, ২০১৬-তে চালু করেছি ‘আইন মহাবিদ্যালয়’। আর এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে আপনারা পেলেন বিশ্ববিদ্যালয়। ডিগলিপুরে পলিটেকনিক কলেজও শুরু করা হয়েছে। আর একটু আগেই আমি আপনাদের জন্য নিকোবরে আইআইটি উদ্বোধন করে এলাম।
ভাই ও বোনেরা, সারা দেশে উন্নয়নের পঞ্চধারা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, সেচ এবং সকলের অভাব-অভিযোগ শোনা সুনিশ্চিত করতে সরকার নিরন্তর সৎ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ যতগুলি প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস হল, সবই এই ভাবনার সঙ্গে যুক্ত। পাশাপাশি, আমাদের শৌর্য এবং আত্মবলিদানপূর্ণ গৌরবময় ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের নায়কদের সম্মান জানাতেও আমরা সঙ্কল্পবদ্ধ।
আরও একবার এই ঐতিহাসিক মুহূর্তে, মানুষের জীবন সহজ করে তোলা প্রকল্পগুলির জন্য আপনাদের সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই।
আগামীকাল ২০১৮ সালের শেষদিন। পরশু নতুন বছর শুরু হচ্ছে। আপনারা সবাই আন্দামান, নিকোবর এবং লাক্ষাদ্বীপবাসীগণ গোটা দেশের জন্য নতুন উৎসাহ, উদ্দীপনা, নতুন প্রাণশক্তি নিয়ে, উন্নত স্বাস্থ্য নিয়ে কাজ করুন – এই মঙ্গলকামনা সহ আপনাদের সবাইকে আবারও অনুরোধ জানাব আর একবার নিজেদের মোবাইল ফোন হাতে নিন, ফ্ল্যাশ লাইট জ্বালান। আমার সঙ্গে পূর্ণশক্তি দিয়ে বলুন –
সুভাষবাবু যেখানে স্বরাজের ভিত্তি স্থাপন করেছিলেন, তার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সুশাসনের শক্তিশালী যাত্রা শুরু করার সঙ্কল্প নিয়ে এগিয়ে এসেছি, সেজন্যই অনুরোধ, আরেকবার নিজেদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পূর্ণশক্তি দিয়ে বলুন –
বন্দে-মাতরম্
বন্দে-মাতরম্
বন্দে-মাতরম্
অনেক অনেক ধন্যবাদ।
CG/SB/DM