স্বরাষ্ট্র মন্ত্রক

২০১৯-এর পদ্ম পুরস্কারের জন্য রেকর্ড সংখ্যক ৪৯,৯৯২টি মনোনয়ন জমা পড়েছে

प्रविष्टि तिथि: 12 OCT 2018 2:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০১৮

২০১৯-এর পদ্ম পুরস্কারের জন্য রেকর্ড সংখ্যক ৪৯,৯৯২টি মনোনয়ন জমা পড়েছে। এই সংখ্যা ২০১০-এর প্রাপ্ত মনোনয়নের তুলনায় ৩২ গুণ বেশি। ২০১০-এ পদ্ম পুরস্কারের জন্য ১,৩১৩টি মনোনয়নপত্র জমা পড়েছিল। ২০১৬ সালে মনোনয়ন জমা দেওয়ার জন্য অনলাইন প্রক্রিয়া শুরু হয়। তখন এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮,৭৬৮-তে। একইভাবে, ২০১৭-তে এই সংখ্যা ছিল ৩৫,৫৯৫।

কেন্দ্রীয় সরকার প্রকৃত অর্থেই পদ্ম পুরস্কারকে ‘জনগণের পুরস্কারে’ পরিণত করেছে। পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং পদ্মশ্রীর মতো সর্বোচ্চ অসামরিক পুরস্কারের জন্য লোকচক্ষুর আড়ালে থাকা ব্যক্তিদের মনোনীত করতে সাধারণ মানুষকে উৎসাহিত করা হয়। উল্লেখ করা যেতে পারে, ২০১৬ থেকে পদ্ম পুরস্কার সংক্রান্ত মনোনয়ন প্রক্রিয়া অনলাইন-ভিত্তিক করা হয়। উদ্দেশ্য ছিল, সাধারণ মানুষকে আরও অধিক সংখ্যায় এই পুরস্কারের মনোনয়নের জন্য অংশগ্রহণ করতে উৎসাহিত করা।

প্রযুক্তিগত এই পদক্ষেপ মনোনয়ন প্রক্রিয়াতে সাধারণ মানুষের অংশগ্রহণকে আরও সহজ করে দিয়েছে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের অংশগ্রহণ যেমন বেড়েছে, তেমনই দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা, লোকচক্ষুর আড়ালে থাকা ব্যক্তিদের সর্বোচ্চ এই অসামরিক পুরস্কারে সম্মানিত হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে। ২০১৯-এর পদ্ম পুরস্কারের জন্য অনলাইন মনোনয়ন প্রক্রিয়া গত পয়লা মে শুরু হয়েছিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৮ই সেপ্টেম্বর। আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করা হবে। পদ্ম পুরস্কারের জন্য সমস্ত নাগরিকই মনোনয়ন বা প্রস্তাব পাঠাতে পারেন, এমনকি নিজের মনোনয়নও পাঠানো যায়।

 

CG/BD/DM/…


(रिलीज़ आईडी: 1549549) आगंतुक पटल : 64
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English