সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

রামদাস আথাওয়ালে বলেছেন, দলিতদের ওপর হিংসার ঘটনা মানুষের মানসিকতা পরিবর্তন এবং আন্তর্বর্ণ বিবাহে উৎসাহদানের মাধ্যমেই বন্ধ করা সম্ভব

প্রকাশিত: 28 SEP 2018 6:23PM by PIB Kolkata

কলকাতা, ২৮ সেপ্টেম্বর, ২০১

সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী রামদাস আথাওয়ালে বলেছেন, নিগ্রহ প্রতিরোধ আইন পরিবর্তনের চেয়ে মানুষের মানসিকতা পরিবর্তনের মধ্য দিয়েই তপশিলি জাতি ও উপজাতিভুক্তদের নিগ্রহের ঘটনা মোকাবিলা করা সম্ভব। গতকাল কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি আন্তর্বর্ণ বিবাহে উৎসাহদানের মধ্য দিয়ে সামাজিক অসাম্য দূর করার আহ্বান জানান। তিনি বলেন, যদিও পশ্চিমবঙ্গে এই ধরণের ঘটনা তুলনামূলক কম, তবুও সমাজে আন্তর্বর্ণ বিবাহে উৎসাহ দিয়ে এই সমস্যা মোকাবিলার বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি রাজ্য সরকারের কাছে তপশিলি জাতি ও উপজাতিভুক্তদের ওপর নিগ্রহের ঘটনা দূর করার জন্য বিভিন্ন পদ্ধতির বিষয়ে আলোচনা এবং আন্তর্বর্ণ বিবাহে উৎসাহদানের প্রস্তাব করেন। এরফলে, বর্তমান সময়ে মানুষের পরিবর্তনশীল সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গীর প্রেক্ষিতে সমাজে মানুষের মানসিকতাতেও পরিবর্তন আনা সম্ভব বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি জানান, সারা দেশে আজ পর্যন্ত এই ধরণের নিগ্রহের ৪৭ হাজার ঘটনা নথিবদ্ধ হয়েছে।

সরকারি চাকরির পদোন্নতিতে সংরক্ষণের প্রসঙ্গে শ্রী আথাওয়ালে বলেন, এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের মধ্যে গঠনমূলক আলোচনার প্রয়োজন আছে। তিনি তপশিলি জাতি ও উপজাতিভুক্তদের নিগ্রহের প্রাসঙ্গিক সমস্যা মোকাবিলায় সমাজকে আন্তরিক ও সুসম্পর্কের পথে এগিয়ে চলার প্রয়োজনের কথা বলেন।

শ্রী আথাওয়ালে শারীরিক বিকলাঙ্গতা যুক্ত মানুষদের ‘দিব্যাঙ্গ’ নামে ডাকার জন্য সকলের কাছে আহ্বান জানান। তিনি বলেন, দিব্যাঙ্গরা এক বিশেষ শ্রেণীর মানুষ এবং যাঁদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়া উচিৎ। তিনি দিব্যাঙ্গদের সুপ্ত প্রতিভাকে সমাজের সর্বাঙ্গীন উন্নয়নে চালিত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এর আগে শ্রী রামদাস আথাওয়ালে, পশ্চিমবঙ্গে ৩০-৪০ বছর ধরে বসবাসকারী মতুয়া জনগোষ্ঠীর সঙ্গে আলাপ-আলোচনা করেন। মন্ত্রী সংশ্লিষ্ট সকলের কাছে জনগোষ্ঠীগুলির বিভিন্ন সমস্যা বিষয়ে বিবেচনা করার জন্য আহ্বান জানান। নাগরিকত্ব ইস্যু প্রসঙ্গে তাঁর অভিমত, সমস্যাটি বোঝার জন্য এ বিষয়ে একটি সার্বিক আলোচনা হওয়া দরকার এবং রাজ্য সরকারেরও বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা দরকার বলে তিনি অভিমত প্রকাশ করেন।

 

CG/PB/SB…


(রিলিজ আইডি: 1547850) ভিজিটরের কাউন্টার : 121
এই রিলিজটি পড়তে পারেন: English