মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
ভূ-বিজ্ঞান মন্ত্রকের “ও-স্মার্ট’ প্রকল্প রূপায়ণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
প্রকাশিত:
30 AUG 2018 12:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ আগস্ট, ২০১৮
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার (২৯ আগস্ট) কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি ভূ-বিজ্ঞান মন্ত্রকের ‘ও-স্মার্ট’ অর্থাৎ মহাসাগর পরিষেবা, প্রযুক্তি, নজরদারি, সম্পদ তৈরি ও বিজ্ঞান সংক্রান্ত প্রকল্পটি রূপায়ণে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি ২০১৭-১৮ থেকে ২০১৯-২০ পর্যন্ত রূপায়িত হবে। এর জন্য খরচ ধরা হয়েছে ১ হাজার ৬২৩ কোটি টাকা। প্রকল্পের আওতায় ১৬টি উপ-প্রকল্প রয়েছে, যার উদ্দেশ্য পরিষেবা, প্রযুক্তি, সম্পদ, নজরদারি ও বিজ্ঞানের সঙ্গে যুক্ত মহাসাগরীয় উন্নয়নমূলক কাজকর্মগুলি সম্পাদন করা।
ভূ-বিজ্ঞান মন্ত্রকের ‘ও-স্মার্ট’ প্রকল্পের ফলে ধীবর সম্প্রদায়, উপকূলবর্তী শিল্প সংস্থা, উপকূলবর্তী রাজ্য, প্রতিরক্ষা, জাহাজ পরিবহণ ও বন্দরের মতো বিভিন্ন ক্ষেত্র যারা মহাসাগর ব্যবহার করে থাকে, তারা আর্থিক দিক থেকে উপকৃত হবে। বর্তমানে ৫ লক্ষ ধীবর সম্প্রদায়ের মানুষ প্রতিদিন মোবাইল ফোনের মাধ্যমে উপকূলবর্তী এলাকার স্থানীয় আবহাওয়া এবং মহাসাগর অধিক পরিমাণে মাছ থাকার সম্ভাবনা সংক্রান্ত তথ্য পাচ্ছেন। এই ধরণের তথ্যের ফলে মাছ অনুসন্ধানে ধীবরদের সময় যেমন সাশ্রয় হচ্ছে, তেমনই জলযানের জ্বালানি খরচও কমছে।
‘ও-স্মার্ট প্রকল্প রূপায়িত হলে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য পূরণের সঙ্গে যুক্ত বিষয়গুলির সমাধান করা সম্ভব হবে। এমনকি, নীল অর্থনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তাও এই প্রকল্পটি থেকে পাওয়া যাবে।
এই প্রকল্পের আওতায় যে অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা থাকছে, তার ফলে সুনামি ও ঘুর্ণিঝড়ের মতো সামুদ্রিক বিপর্যয়গুলির কার্যকর মোকাবিলা করা সম্ভব হবে। এছাড়াও ‘ও-স্মার্ট’ প্রকল্পের মাধ্যমে যে প্রযুক্তির বিকাশ ঘটানো হচ্ছে, তার ফলে ভারত সংলগ্ন সাগরগুলিতে জীবন্ত ও প্রাণহীন উভয় ধরণের বিপুল পরিমাণ সম্পদের হদিশ পাওয়া সম্ভব হবে।
CG/BD/SB…
(রিলিজ আইডি: 1544452)
ভিজিটরের কাউন্টার : 157