প্রকাশিত:
19 JUL 2018 11:44AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুলাই ২০১৮
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ৬টি সংখ্যালঘু জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য ম্যাট্রিক পূর্ব, ম্যাট্রিক পরবর্তী এবং মেধা-ভিত্তিক স্কলারশিপ প্রকল্প ২০১৯-২০ পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। এর জন্য মোট ৫৩৩৮.৩২ কোটি টাকা ব্যয় হবে এবং বছরে ৭০ লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হবে।
এই স্কলারশিপ প্রকল্পগুলির মূল বৈশিষ্ট্য হ’ল – জাতীয় স্কলারশিপ পোর্টালের মাধ্যমে তা রূপায়ণ করা হবে এবং প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে তা প্রাপকদের দেওয়া হবে। প্রায় ৭০ লক্ষ স্কলারশিপ এই সব প্রকল্পের আওতায় দেওয়া হবে। পূর্ববর্তী বছরের ফাইনাল পরীক্ষায় যেসব ছাত্রছাত্রী ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়েছে, তাদেরই এই স্কলারশিপ দেওয়া হবে। ছাত্রছাত্রীদের সরকারি স্কুলে/প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত বেসরকারি স্কুল/প্রতিষ্ঠানে পড়াশুনা করতে হবে। ২০১১-র জনগণনা অনুসারে রাজ্য/গোষ্ঠী-ভিত্তিক অর্থ বরাদ্দ করা হবে। নতুন স্কলারশিপের ক্ষেত্রেই একমাত্র লক্ষ্যমাত্রা থাকবে। নতুন স্কলারশিপের সঙ্গে পুরনো স্কলারশিপও পুনর্নবীকরণ করা হবে। তবে তার জন্য ছাত্রছাত্রীদের যোগ্যতামান বজায় রাখতে হবে।
প্রাক্-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পে লক্ষ্য হ’ল – প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে অভিভাবকদের উৎসাহিত করা। যেসব অভিভাবকের বার্ষিক আয় ১ লক্ষ টাকার নীচে, তাঁদের সন্তানরাই এই স্কলারশিপ পাবার যোগ্য বলে বিবেচিত হবে। মোট ৩০ লক্ষ নতুন প্রাপককে এই স্কলারশিপ দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ম্যাট্রিক পরবর্তী স্কলারশিপের ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়সম্পন্ন অভিভাবকদের সন্তানদের বিবেচনা করা হবে। এই ক্ষেত্রে ৫ লক্ষ নতুন প্রাপককে এই স্কলারশিপ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অন্যদিকে, মেধা-ভিত্তিক স্কলারশিপের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠরত সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বিবেচনা করা হবে। এক্ষেত্রে যেসব অভিভাবকের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে তাঁদের সন্তানদের এই সুবিধার জন্য বিবেচনা করা হবে। এই প্রকল্পে মোট ৬০ হাজার নতুন প্রাপককে স্কলারশিপ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
CG/PB/SB……