নীতিআয়োগ

এমজিএনআরইজিএ ও কৃষিকাজের মধ্যে সমন্বয়সাধনের জন্য মুখ্যমন্ত্রীদের উপগোষ্ঠীর প্রথম সভা অনুষ্ঠিত হল

প্রকাশিত: 16 JUL 2018 11:42AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৩ জুলাই, ২০১৮

 

      নীতি আয়োগের দপ্তরে বৃহস্পতিবার (১২ জুলাই) মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার সুনিশ্চিতিকরণ যোজনার (এমজিএনআরইজিএ) সঙ্গে কৃষিকাজের সমন্বয়সাধনের জন্য মুখ্যমন্ত্রীদের উপগোষ্ঠীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। উপগোষ্ঠীর আহ্বায়ক মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহ্বান ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বৈঠকে উপস্হিত ছিলেন। বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার ও গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী বিজয় রূপানি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বৈঠকে যোগ দেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্ধ্রপ্রদেশের শ্রী এন. চন্দ্রবাবু নাইডু তাঁদের মতামত উপগোষ্ঠীর অহ্বায়ক শ্রী চৌহ্বানের কাছে লিখে পাঠান। নীতি আয়োগের মুখ্য কার্যবাহী আধিকারিক অধ্যাপক রমেশ চাঁদ ও অন্য উচ্চপদস্হ আধিকারিকরা গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব পঞ্চায়েতি রাজ ও কৃষি মন্ত্রক, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সরকারের উচ্চপদস্হ আধিকারিকরাও বৈঠকে উপস্হিত ছিলেন।

      কৃষিক্ষেত্রের বিকাশ ও ব্যয় সংকোচনে এমজিএনআরইজিএস প্রকল্পের আওতাধীন রোজগারের সুযোগ সম্পর্কে পরামর্শদানের জন্য প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের যে উপগোষ্ঠী গঠন করেছেন, উপস্হিত মুখ্যমন্ত্রীরা তাকে স্বাগত জানান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কৃষি শ্রমিকদের বেতন এবং কৃষিজমিতে বেড়া দেবার জন্য শ্রমিকদের বেতন এমজিএনআরইজিএস প্রকল্পের অর্থ ব্যবহারের পরামর্শ দেন।

      পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে এমজিএনআরইজিএস প্রকল্পকে কাজে লাগানো যেতে পারে বলে বৈঠকে স্হির হয়। এর মধ্যে রয়েছে কৃষিকাজের খরচ কমানো, উৎপাদন বাড়াতে জল ও অন্য প্রয়োজনীয় বস্তুর যথাযথ ব্যবহার, বাজার পরিকাঠামো ও মোট পরিমাণের ওপর উৎসাহভাতা প্রদানের মাধ্যমে কৃষকদের আয়বৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগের পর কৃষিজমি ও সম্পত্তি পুনরুদ্ধারের কাজ এবং পুনরায় রোপণের কাজে এই প্রকল্পের অর্থ ব্যবহার করা যেতে পারে।

      বৈঠকে সর্বসম্মতভাবে স্হির হয় যে সংশ্লিষ্ট বিভিন্নপক্ষের সঙ্গে বিষয়গুলি নিয়ে বিস্তৃত আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। পরবর্তীকালে পাটনা, ভূপাল, হায়দ্রাবাদ, গুয়াহাটি ও নয়াদিল্লীতে পাঁচটি আঞ্চলিক সভা বা কর্মশিবিরের আয়োজন করা হবে। সেখানে বিশেষজ্ঞ, কৃষক ও কৃষকদের প্রতিনিধি ও রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষ অংশ নেবেন। বৈঠকে উপগোষ্ঠীর সদস্যরা আবারও উল্লেখ করেন যে এমজিএনআরইজিএস-এর মূল লক্ষ্য হবে “সম্পদ তৈরী” ও শ্রমিকদের অধিকার সুনিশ্চিত করে সমন্বয়ের কাজ করা হবে।

 

CG/SC/NS/…


(রিলিজ আইডি: 1538708) ভিজিটরের কাউন্টার : 52
এই রিলিজটি পড়তে পারেন: English