নারীওশিশুবিকাশমন্ত্রক

শীঘ্রই সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ অনলাইনে দাখিলের ব্যবস্থা চালু হবে

মহিলা সংক্রান্ত বিষয়গুলির জন্য বিশেষ বিভাগ খুলতে সব মন্ত্রককে লিখেছেন শ্রীমতী মানেকা সঞ্জয় গান্ধী

প্রকাশিত: 07 JUN 2018 7:35PM by PIB Kolkata

মহিলা ও শিশুদের প্রতি সাইবার অপরাধের খুঁটিনাটি, বিশেষ করে শিশুদের যৌন হেনস্থা, নিগ্রহ ও অন্যান্য আপত্তিকর ছবি ও লেখা অনলাইনে ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ মোকাবিলায় সম্প্রতি একটি বিশেষ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় মহিলা ও শিশুবিকাশ মন্ত্রী শ্রীমতী মানেকা সঞ্জয় গান্ধী। মহিলা ও শিশুদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর জন্য ডিজিটাল মাধ্যমের ব্যবহার বেড়ে চলার বিষয়টি প্রতিরোধের পন্থাপদ্ধতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। সরকারি, শিল্পক্ষেত্র, ভারতের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন ও একাধিক সোশ্যাল মিডিয়া এজেন্সির পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেন।

 

বৈঠকে ভারতের ডেটা (তথ্য) নিরাপত্তা পর্ষদ তথ্যের নিরাপত্তার বিষয়টির ওপর আলোকপাত করে। মহিলা ও শিশুদের সাইবার অপরাধের কবল থেকে বাঁচাতে একটি আন্তর্জাতিক জোট তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই ধরণের অপরাধের অভিযোগ যে কোন সময় ও স্থান থেকে দাখিলের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালুর সিদ্ধান্তও বৈঠকে নেওয়া হয়। এছাড়া, বৈঠকে অনলাইনে আপত্তিকর ছবি বা লেখা দেখা মাত্রই সেটি সরানোর ব্যবস্থা করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

ওয়ানস্টপ সেন্টার

দেশে ১৯৩টি ওয়ানস্টপ সেন্টার বা ‘সখী’ কেন্দ্র কাজ করছে। নয়াদিল্লিতে বুধবার (৬ই জুন) মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকের অবদানগুলি সংবাদমাধ্যমকে জানিয়ে মন্ত্রী বলেন, হিংসাত্মক ঘটনার শিকার মহিলাদের জন্য দেশ জুড়ে ১৯৩টি ‘সখী’ কেন্দ্র খোলা হয়েছে। আগামী বছরের মধ্যে দেশে মোট ৬০০ ‘সখী’ কেন্দ্র চালু হবে। এই কেন্দ্রগুলি থেকে এখন পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি মহিলা সাহায্য পেয়েছেন।

 

নির্ভয়া তহবিল

নির্ভয়া তহবিল থেকে তৈরি প্রকল্পগুলি ব্যাখ্যা করে শ্রীমতী মানেকা গান্ধী মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার ওপর গুরুত্ব আরোপের জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রক ‘নির্ভয়া’ তহবিল থেকে ৬ হাজার কোটি টাকার প্রকল্প রূপায়ণ করেছে।

 

প্রত্যেক মন্ত্রকে মহিলা সংক্রান্ত বিষয়গুলির জন্য বিশেষ বিভাগ খোলা

শ্রীমতী গান্ধী জানান, মহিলাদের সুরক্ষার বিষয়গুলি দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিশেষ বিভাগ চালু করেছে। সারা দেশে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্তদের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রক তৈরি করেছে বলেও মন্ত্রী জানান। এই তালিকায় থাকা নামগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানানো হবে।

 

অনাবাসী ভারতীয়দের বিবাহজনিত সমস্যা

এই বিষয়ে মন্ত্রী জানান, অনাবাসী ভারতীয়দের সঙ্গে বিবাহের ৪৮ ঘন্টার মধ্যে তা নথিভুক্ত করা না হলে তাঁদের পাসপোর্ট এবং ভিসা দেওয়া হবে না। রেজিস্ট্রারদের কাছে এই মর্মে আদেশনামা পাঠানো হবে। রেজিস্ট্রারদের কাছে থাকা অনাবাসী ভারতীয়দের বিবাহের তথ্য কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকের কাছে পাঠাতে হবে যাতে এই সংক্রান্ত একটি তথ্যভাণ্ডার তৈরি করা যায়। এ সংক্রান্ত মামলায় অভিযুক্ত ছ’জন অনাবাসী ভারতীয়ের সন্ধানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং বিদেশ মন্ত্রক পাঁচটি মামলার ক্ষেত্রে বিদেশে বসবাসকারি পাত্রের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

 

সখী সুরক্ষা আধুনিক ডিএনএ পরীক্ষাগার

গত ১লা জুনে মহিলাদের বিরুদ্ধে অপরাধমূলক মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য সখী সুরক্ষা আধুনিক ডিএনএ পরীক্ষাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মহিলা ও শিশুবিকাশ মন্ত্রী। এজন্য ‘নির্ভয়া’ তহবিল থেকে ৯৯.৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরকম আরও পাঁচটি পরীক্ষাগার আগামী তিন মাসের মধ্যে মুম্বাই, চেন্নাই, গুয়াহাটি, পুণে ও ভোপালে স্থাপন করা হবে।

 

যৌন নিগ্রহের মামলাগুলির জন্য বিশেষ ফরেন্সিক কিট

অপরাধীদের যাতে প্রাথমিক পর্যায়েই চিহ্নিত করা যায়, তার জন্য জুলাই মাসের মধ্যে প্রত্যেকটি থানা ও হাসপাতালে বিশেষ ফরেন্সিক কিট দেওয়া হবে বলে মন্ত্রী জানান। কিটগুলিতে নমুনা সংগ্রহের যন্ত্র সহ অপরাধ সনাক্তকরণের প্রয়োজনীয় নমুনার সম্পূর্ণ একটি তালিকা দেওয়া থাকবে। ফরেন্সিক পরীক্ষাগারে পাঠানোর আগে কিটগুলিকে সম্পূর্ণভাবে সিল করতে হবে।

 

মহিলা সংক্রান্ত জাতীয় নীতি

  • সংশ্লিষ্ট পক্ষদের কাছ থেকে ১৫,০০০টি পরামর্শ ও মন্তব্য পাওয়ার পর মন্ত্রক জাতীয় মহিলা নীতি, ২০১৭-র খসড়া তৈরি করেছে। একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন যে খসড়া নীতিটি মন্ত্রিসভার কাছে জমা দেওয়া হয়েছে।

 

মৃত্যুদণ্ডের অধ্যাদেশ

শিশু নিগ্রহের অপরাধীদের কড়া শাস্তি দেওয়ার জন্য আইপিসি ও সিআরপিসি সংশোধনের মাধ্যমে মৃত্যুদণ্ডের একটি অধ্যাদেশের বিষয়ে সরকার অনুমোদন দিয়েছে। ১২ বছর বা তার কম বয়সী মেয়েদের নিগ্রহের অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে।

 

বেটি বাঁচাও বেটি পড়াও

জানুয়ারি, ২০১৫-তে চালু হওয়া ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের মূল লক্ষ্য লিঙ্গ নির্ধারণ প্রতিরোধ, শিশুকন্যার জীবনধারণ ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শিশুকন্যাদের শিক্ষা গ্রহণ নিশ্চিত করা।

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে ২০১৫-র এপ্রিল থেকে ২০১৬-র মার্চ মাস পর্যন্ত সময়কালের প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৬১টি জেলায় এই ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা গেছে। এই তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে :

  1. প্রকল্পের আওতায় থাকা ১০৪টি জেলায় লিঙ্গানুপাতের উন্নতি লক্ষ্য করা গেছে
  2. ১১৯টি জেলায় গর্ভবতী মহিলাদের নথিভুক্তির হারে উর্ধ্বগতি
  3. ১৪৬টি জেলায় প্রাতিষ্ঠানিক প্রসবের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা গেছে।

 

শি-বক্স

কর্মক্ষেত্রে যৌন হেনস্থার মতো ঘটনাগুলির অনলাইনে অভিযোগ দায়ের ও পরবর্তীকালে তার সমাধানের লক্ষ্যে ২০১৭ সালে অনলাইনে অভিযোগ জানানোর উদ্যোগ শুরু হয়। মন্ত্রকের পোর্টালে এখনও পর্যন্ত প্রায় ১৯১টি এ ধরণের অভিযোগ নথিভুক্ত হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

মাতৃত্বকালীন সুবিধা (সংশোধনী) আইন, ২০১৭

মাতৃত্বকালীন সুবিধা (সংশোধন) বিল, ২০১৬ আইনে পরিণত হয় ২০১৭-র ২৭শে মার্চ। এই আইনের ফলে মাতৃত্বকালীন ছুটির পরিমাণ ১২ সপ্তাহ থেকে বেড়ে ২৬ সপ্তাহ হয়েছে যা বিশ্বের তৃতীয় বৃহত্তম মাতৃত্বকালীন সুবিধা। তিন মাস বয়সের কম শিশুদের ক্ষেত্রে মায়েরা ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। এছাড়াও, ৫০ বা তার বেশি কর্মী রয়েছেন এমন সংগঠনে মা ও তার শিশুর জন্য ক্রেশের সুবিধা বাধ্যতামূলক করা হয়েছে।

 

নির্বাচিত মহিলা প্রতিনিধিদের প্রশিক্ষণ

মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রক গত বছর থেকে পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলিতে নির্বাচিত মহিলা প্রতিনিধিদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। উদ্দেশ্য, গ্রামগুলির পরিচালন ব্যবস্থায় তাঁদের আরও দক্ষ করে তোলা এবং তৃণমূল স্তরে পরিবর্তন সাধনকারী হিসাবে মহিলাদের ভূমিকা আরও বৃদ্ধি করা। এছাড়াও, বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য নির্বাচিত মহিলা প্রতিনিধিদের নেতৃত্বদানের ক্ষমতার বিকাশ এবং গ্রাম পঞ্চায়েত পরিচালন ব্যবস্থায় তাঁদের ভূমিকার প্রসার ঘটানো। এখনও পর্যন্ত ১৮,৫৭৮ জন গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত মহিলা প্রতিনিধিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০১৮-১৯-এ অতিরিক্ত ২০ হাজার নির্বাচিত মহিলাকে এ ধরণের প্রশিক্ষণ দেওয়া হবে।

 

নতুন ট্যাক্সি নীতি ও নির্দেশিকা

মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার মানোন্নয়নে ২০১৭ সালে নতুন ট্যাক্সি নীতি-নির্দেশিকা প্রবর্তন করা হয়েছে। এই নীতি-নির্দেশিকায় সমস্ত ট্যাক্সিতে আপৎকালীন পরিস্থিতিতে জিপিএস ডিভাইস বা উপকরণ বসানো বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও, ট্যাক্সি চালকের ছবি সহ তাঁর পরিচিতি, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং মহিলা যাত্রীর সম্মতিতে খালি সিট অন্য যাত্রীকে প্রদানের মতো সংস্থান এই নীতিতে রয়েছে।

 

১৮১ মহিলা হেল্পলাইন

হিংসা বা আক্রমণের শিকার মহিলাদের আপৎকালীন ও অন্য যে কোন পরিস্থিতিতে ২৪ ঘন্টা সহায়তা প্রদানের জন্য দেশ জুড়ে টোল ফ্রি নম্বর ১৮১ চালু হয়েছে। ১৬ লক্ষ ৫০ হাজারেরও বেশি মহিলা নিঃশুল্ক এই নম্বরে ফোন করে সুবিধা পেয়েছেন।

পুলিশ বাহিনীতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ

  • মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রক লিঙ্গ সংবেদনশীল বিষয়গুলিতে পুলিশ কর্মীরা যাতে আরও বেশি সক্রিয় মনোভাব গ্রহণের করেন সেই লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কাজ করছে। পুলিশ বাহিনীতে মহিলা কর্মীর সংখ্যা বাড়ানোই এর আরও একটি উদ্দেশ্য।
  • রাজ্যের পুলিশ বাহিনীতে মহিলা কর্মীর সংখ্যা ৩৩ শতাংশ করতে সমস্ত রাজ্য সরকারকে উপদেশ দেওয়া হয়েছে।
  • ১০টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীতে ৩৩ শতাংশ সংরক্ষণের সুবিধা ইতিমধ্যেই চালু হয়েছে।

বিধবা আবাস

বিধবাদের সুরক্ষা, বাসস্থানের নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পুষ্টিকর খাদ্য, আইনি সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের লক্ষ্যে উত্তরপ্রদেশের বৃন্দাবনে একটি বিধবা আবাস নির্মিত হয়েছে। এখানে এক হাজার বিধবার থাকার ব্যবস্থা রয়েছে। কেন্দ্রীয় সরকার এই আবাস নির্মাণে সম্পূর্ণ অর্থ সহায়তা দিয়েছে।

 

কারাবন্দী মহিলা

কারাবন্দী মহিলা ও শিশুদের নিয়ে পরিচালিত সমীক্ষার ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনের সুপারিশগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হবে ও সুপ্রিম কোর্টে পেশ করা হবে।

 

পুষ্টি অভিযান

প্রধানমন্ত্রী এ বছরের গোড়ায়, গত ৮ই মার্চ পুষ্টি অভিযানের সূচনা করেন। উদ্দেশ্য, শূণ্য থেকে ছ’বছর বয়সী শিশু, বয়ঃসন্ধিকালীন বালিকা, গর্ভবতী ও স্তন্যদাত্রী মহিলাদের দৈহিক পুষ্টির মান বাড়ানো। এছাড়াও :

  1. শূণ্য থেকে তিন বছর বয়সী শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও দৈহিক অপুষ্টির হার কমানো;
  2. ছ’মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের রক্তাল্পতা প্রতিরোধ;
  3. ১৫ থেকে ৪৯ বছর বয়সী মহিলা ও বয়ঃসন্ধিকালীন বালিকাদের মধ্যে রক্তাল্পতা ও শিশুদের জন্মকালীন কম ওজন প্রতিরোধ।

পক্সো ই-বক্স

শিশুদের যৌন হেনস্থা বা হয়রানির ঘটনাগুলির বিরুদ্ধে অভিযোগ জানাতে ২০১৬-র আগস্টে পক্সো ই-বক্স (http://ncpcr.gov.in) চালু হয়। অনলাইনে সরাসরি অভিযোগ জানানোর এই ব্যবস্থায় উল্লেখিত পোর্টালটিতে ১১০০ অভিযোগ নথিভুক্ত হয়েছে।

 

চাইল্ডলাইন (১০৯৮)

দুঃস্থ ও দুর্দশাগ্রস্ত শিশুদের সাহায্যের জন্য দেশ জুড়ে আপৎকালীন হেল্পলাইন নম্বর ১০৯৮ চালু হয়েছে। দেশের ৪৩৫টি জায়গা থেকে এই হেল্পলাইন সুবিধা চালু রয়েছে। ২০১৪ থেকে প্রতি বছর এই হেল্পলাইনে ১ কোটি ৮০ লক্ষ ফোন কল পাওয়া গেছে।

 

নিখোঁজ শিশুর হদিশ ও খোয়া-পায়া

  • নিখোঁজ শিশুর সময়মতো হদিশ পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা
  • হদিশ পাওয়া শিশুর দ্রুত পুনর্বাসন ও তাকে অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করা
  • চাইল্ড কেয়ার প্রতিষ্ঠানগুলিতে শিশুর যথাযথ দেখভাল
  • নিখোঁজ ও হদিশ পাওয়া শিশুর সমগ্র প্রক্রিয়ায় যুক্ত সংগঠনগুলির জন্য একটি কাঠামো তৈরি করা।

 

এই পদ্ধতি প্রয়োগ করে ১,৭৩,৪৪১ জন শিশুকে পুনর্বাসন বা অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।


(রিলিজ আইডি: 1534863) ভিজিটরের কাউন্টার : 146
এই রিলিজটি পড়তে পারেন: English