রেলমন্ত্রক

রেলের প্রহরী বিহীন লেভেল ক্রসিং তোলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন রেলমন্ত্রী

প্রকাশিত: 01 MAY 2018 12:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ এপ্রিল, ২০১

 

রেলের প্রহরী বিহীন লেভেল ক্রসিংগুলি পাকাপাকিভাবে তুলে দেওয়া নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করলেন রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল। বৈঠকে রেলের প্রহরী বিহীন লেভেল ক্রসিংগুলি পাকাপাকিভাবে তুলে দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হয়। ইতিমধ্যেই রেলের বিভিন্ন জোনে প্রহরী বিহীন লেভেল ক্রসিং তুলে দেওয়ার ক্ষেত্রে লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে। তবু কিছু কাজ এখনও বাকি রয়েছে। বৃহস্পতিবার নতুন দিল্লিতে এই পর্যালোচনা বৈঠকে রেল বোর্ডের চেয়ারম্যান ও সদস্যরা ছাড়াও রেল নিরাপত্তা সংক্রান্ত মুখ্য কমিশনার, রেলের পাঁচটি জোনের জেনারেল ম্যানেজার ও মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে কুশিনগরের দুর্ঘটনায় হতাহতদের স্মৃতিতে দু-মিনিট নীরবতা পালন করা হয়।

রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর গত বছরের ৭ সেপ্টেম্বর প্রথম বৈঠকেই শ্রী গোয়েল রেলের নিরাপত্তার বিষয়গুলির ওপর গুরুত্ব দিয়েছিলেন। সেই বৈঠকে স্থির হয়েছিল এক বছরের মধ্যে প্রহরী বিহীন সমস্ত লেভেল ক্রসিং তুলে দেওয়া হবেমন্ত্রীর এই নির্দেশের পর, প্রহরী বিহীন লেভেল ক্রসিং তুলে দেওয়ার ক্ষেত্রে লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে। বর্তমানে, রেলের এ বি সি রুটে মাত্র ৫৮টি প্রহরী বিহীন লেভেল ক্রসিং চালু রয়েছে।

প্রহরী বিহীন লেভেল ক্রসিংগুলিতে দুর্ঘটনা কমাতে ভারতীয় রেল একাধিক পদক্ষেপ নিয়েছে। বিগত চার বছরে (২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ পর্যন্ত) প্রহরী বিহীন লেভেল ক্রসিং-এ দুর্ঘটনার সংখ্যা ৭৯ শতাংশ কমেছে। সেই সঙ্গে, প্রহরী বিহীন লেভেল ক্রসিং তুলে দেওয়ার গড় হারও বিগত চার বছরে প্রায় দুই-তৃতীয়াংশ বেড়েছে। বর্তমানে, ব্রডগেজ রেল নেটওয়ার্কে কেবল ৩ হাজার ৪৭৯টি প্রহরী বিহীন লেভেল ক্রসিং রয়েছে।

এখনও যেসব জোনে প্রহরী বিহীন লেভেল ক্রসিং রয়েছে, সেগুলি পুরোপুরি তুলে দিতে রেল বহুমুখী কৌশল গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে – প্রহরী বিহীন লেভেল ক্রসিংগুলিতে কর্মী মোতায়েন, রেলওয়ে আন্ডার ব্রিজ নির্মাণ, রেলওয়ে ওভার ব্রিজ তৈরি, রেল লাইন ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া প্রভৃতি।

প্রহরী বিহীন লেভেল ক্রসিং তুলে দেওয়ার কাজে কতখানি অগ্রগতি হয়েছে, তা জনসমক্ষে একটি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এতে কাজকর্ম রূপায়ণের স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনই নজরদারি করাও সম্ভব হবে।

রেলের ১১টি জোনে আগামী ১১ সেপ্টেম্বর ২০১৮-র মধ্যে প্রহরী বিহীন লেভেল ক্রসিং তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। বাকি পাঁচটি জোনের লক্ষ্যমাত্রা শীঘ্রই ধার্য হবে।

‘রেলে নিরাপত্তাই সবার ওপরে’ – এই বিষয়টির কথা পুনরায় উল্লেখ করে শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, প্রতিটি জীবন রক্ষা সোনার চেয়েও মূল্যবান।

 

CG/BD/SB……


(রিলিজ আইডি: 1530773) ভিজিটরের কাউন্টার : 18