ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
জাতীয় স্তরের তিন দিনের এমএসএমই প্রদর্শনী কলকাতায়
প্রকাশিত:
18 NOV 2017 1:25PM by PIB Kolkata
বিপণন সহায়তার অঙ্গ হিসেবে এমএসএমই ডেভেলপমেন্ট ইন্সটিটিউট কলকাতায় তাদের বরানগর ক্যাম্পাসে আগামী ২২ তারিখ থেকে তিনদিনের জাতীয় স্তরের একটি ভেন্ডর ডেভেলপমেন্ট প্রোগ্রাম তথা শিল্পপ্রদর্শনীর আয়োজন করতে চলেছে। প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যপাল শ্রী কেশরীনাথ ত্রিপাঠী। কেন্দ্রীয় সরকার ও অন্যান্য সরকারি সংগঠনের অধীনে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্হার সহায়তায় এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রতিষ্ঠানের নির্দেশক শ্রী অজয় বন্দ্যোপাধ্যায়।
প্রদর্শনীতে মোট ১০০টি স্টল থাকছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের স্টল ১১টি। যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্হা ও অন্যান্য সরকারি সংগঠন প্রদর্শনীতে সামিল হচ্ছে তাদের মধ্যে রয়েছে- এনটিপিসি লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড, জিআরএসই লিমিটেড, হ্যাল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, পূর্ব রেল, দক্ষিণপূর্ব রেল, মেট্রো রেল প্রভৃতি।
এই প্রদর্শনী ও ভেন্ডর ডেভেলপমেন্ট প্রোগ্রাম অতিক্ষুদ্র ও ছোট শিল্পোদ্যোগগুলিকে এমন পর্যাপ্ত সুবিধা প্রদান করবে যাতে তারা রাষ্ট্রায়ত্ত সংস্হাগুলির কাছে বাজার ধরতে পারে। এর ফলে উভয় পক্ষই সমান লাভবান হবে এবং সার্বিকভাবে দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে।
উল্লেখ করা যেতে পারে যে, দেশের অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পসংস্হাগুলিকে বিপণন সহায়তার অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকার ‘সরকারি সংগ্রহ নীতি, ২০১২’ কার্যকর করেছে। এই নীতি অনুযায়ী, সমস্ত কেন্দ্রীয় সরকারি দপ্তর, মন্ত্রক ও কেন্দ্রীয় সরকারের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্হাকে তাদের বার্ষিক সামগ্রী ও সাজ-সরঞ্জাম সংগ্রহ বা পরিষেবা গ্রহণের ২০ শতাংশ অতিক্ষুদ্র ও ছোট শিল্পসংস্হাগুলি থেকে সংগ্রহ করতে হবে। এমনকি, এই ২০ শতাংশ সংগ্রহের মধ্যে ৪ শতাংশ থাকতে হবে তপশীলি জাতি বা উপজাতির মানুষের গড়া নিজস্ব শিল্পসংস্হা থেকে।
সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠানটির দুই সহ-নির্দেশক শ্রী চিত্রেশ বিশ্বাস ও শ্রী সঞ্জীব আজাদ উপস্হিত ছিলেন।
(রিলিজ আইডি: 1510123)
ভিজিটরের কাউন্টার : 21